পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন কথার কথাই থেকে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চুক্তির ১৬ বছর
পার্বত্য চুক্তির ১৬ বছর

সদ্য বিদায়ী মহাজোট সরকারের প্রধান অংশীদার আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন। পাঁচ বছর ধরে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বারবার সেই অঙ্গীকার পুনর্ব্যক্তও করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তা কথার কথাই রয়ে গেছে।
অপর দিকে প্রতিবছর চুক্তির বার্ষিকী পালন অনুষ্ঠানে চুক্তি বাস্তবায়িত না হওয়ায় সরকারের সমালোচনা, বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করা এবং গণ-আন্দোলনের হুমকি দেওয়া ছাড়া জনসংহতি সমিতিও (জেএসএস) এ বিষয়ে কার্যত নিষ্ক্রিয়। তাদের বেশি মনোযোগ দিতে হয়েছে এবং হচ্ছে আঞ্চলিক রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ-সংঘাতে।
এ ছাড়া চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত না হলেও আঞ্চলিক পরিষদের কর্মকর্তারা সরকারি পদমর্যাদা ও আর্থিক সুযোগ-সুবিধা পাওয়ায় একধরনের স্থিতাবস্থার মধ্যেই আছেন। আবার সরকারও তিন পার্বত্য জেলা পরিষদে মনোনীত ব্যক্তিদের মাধ্যমে ইচ্ছামতো সরকারি কার্যক্রম পরিচালনা করতে পেরে নিশ্চিন্ত।
এই প্রেক্ষাপটে আজ সোমবার পালিত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৬ বছর পূর্তি ও ১৭ বছরে পদার্পণ।
গত পাঁচ বছরে ভূমি বিরোধ নিরসন, ভারত প্রত্যাগত শরণার্থী এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনে কোনো অগ্রগতি হয়নি। পার্বত্য চট্টগ্রামকে উপজাতি-অধ্যুষিত বিশেষ অঞ্চলের স্বীকৃতি দেওয়া এবং এই বৈশিষ্ট্য সংরক্ষণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আঞ্চলিক পরিষদের দায়িত্ব ও ক্ষমতা কার্যকর করা হয়নি। তিন পার্বত্য জেলা পরিষদের কাছে যথাযথ দায়িত্ব ও ক্ষমতা হস্তান্তর করা হয়নি। এগুলো সবই চুক্তির মৌলিক বিষয়ভুক্ত।
সরকারি-বেসরকারি সূত্রগুলো বলছে, চুক্তি বাস্তবায়নের জন্য প্রথমেই দরকার ছিল একটি সময়সূচিভিত্তিক পরিকল্পনা করা। সেটা করার কথাও উঠেছিল, কিন্তু তা করা হয়নি। প্রচলিত কার্যপদ্ধতিতেও বিশেষ কিছু অর্জন করা যায়নি। সব মিলে গত পাঁচ বছরে চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নগণ্য।

অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা বেড়েই চলেছে। ক্রমবর্ধমান রাজনৈতিক হত্যাকাণ্ড, ধর্ষণ ও অবৈধ অস্ত্র বিস্তারের সঙ্গে যুক্ত হয়েছে পাহাড়ি ও বসতি স্থাপনকারী (সেটেলার) বাঙালি জনগোষ্ঠীর মধ্যকার বিদ্বেষ। সাধারণ মানুষের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা। দুই বছর ধরে উঠেছে পার্বত্য চট্টগ্রামের পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিও।

এ পরিস্থিতির মধ্যে আজ ২ ডিসেম্বর পালিত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ষোড়শ বার্ষিকী। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে ওই চুক্তি সই হয়েছিল। এর মাধ্যমে স্বায়ত্তশাসনকামী পাহাড়িদের সঙ্গে মধ্য সত্তর দশক থেকে চলা এক রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটেছিল। কিন্তু ১৬ বছর পর পরিস্থিতি আবার বদলে গেছে।

সরকার ও পার্বত্য চট্টগ্রামের সুশীল সমাজের সূত্রগুলো জানায়, চুক্তি বাস্তবায়নে সরকারের উদ্যোগ সম্পর্কে সন্দেহ ও হতাশা পার্বত্যবাসীর মধ্যে গভীরতর হয়েছে। পাশাপাশি আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল, পহাড়ি-বাঙালি সংঘাত প্রভৃতি কারণে তাদের মধ্যে এক অনিশ্চয়তা এবং আশঙ্কাও বিরাজ করছে। পার্বত্য জনগণ এখন সরকারের ওপর আস্থা রাখতে পারছে না। আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর ওপরও তাদের ভরসা নেই।

এ পরিস্থিতি সম্পর্কে নিজেদের মূল্যায়ন কী, জানতে চাইলে জেএসএসের একাধিক সূত্র জানায়, সবকিছুর মূলে আছে চুক্তি বাস্তবায়িত না হওয়া। চুক্তি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত বিদ্যমান অবস্থার অবসান হবে না। পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি এখন জটিলতম। এই ধারা আরও কিছুদিন চলতে থাকলে পরিস্থিতি বিস্ফোরণোন্মুখ হয়ে উঠবে। তাঁদের মতে, চুক্তি বাস্তবায়িত হলে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি ভিন্ন পথে প্রবাহিত হতো। গণতান্ত্রিক শাসনব্যবস্থা কার্যকর হতো। তখন রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও হত্যাকাণ্ড, অবৈধ অস্ত্রের ব্যবহার ও পাহাড়ি-বাঙালি সংঘাতের মতো ঘটনা ঘটানো সহজ হতো না।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কয়েকজন নেতা বলেন, কোনো সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন করবে না। পূর্ণ স্বায়ত্তশাসন ছাড়া পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান হবে না। তাই তাঁরা স্বায়ত্তশাসনের দাবির পক্ষে পার্বত্য জনগণকে সমবেত করার কাজ চালিয়ে যাচ্ছেন।