পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন অপরিহার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা অভিযোগ করেছেন, ১৯৭২ সালের সংবিধানে আদিবাসীদের অধিকারের স্বীকৃতি না দিয়ে বাইরে ছুড়ে ফেলে দেওয়া হয়। পার্বত্য চুক্তির আলোকে আদিবাসীদের অধিকার ও রীতিনীতি রক্ষায় একটি বিশেষ শাসনব্যবস্থা প্রবর্তনের চেষ্টা শুরু হলেও বর্তমানে তা খণ্ডিত করার চেষ্টা চলছে। সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ও স্থায়ী বাসিন্দাদের অধিকার প্রতিষ্ঠায় পার্বত্য চুক্তি হয়েছে। এ চুক্তির যথাযথ বাস্তবায়ন অপরিহার্য।অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, সারা বিশ্বে ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষ তাদের সংস্কৃতি ও প্রথাগত অধিকার রক্ষায় নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছে। তার পরও অনেক ভাষা, সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। বহু জনগোষ্ঠী বিলুপ্ত হয়ে গেছে।গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রামের প্রথাগত শাসনব্যবস্থা: অতীত ও বর্তমান’ শীর্ষক আঞ্চলিক সেমিনারে উদ্বোধকের বক্তব্যে সন্তু লারমা এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এসব কথা বলেন। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় কপো সেবা সংঘ দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে। বিকেল চারটায় সেমিনার শেষ হয়।সন্তু লারমা বলেন, ব্রিটিশ শাসনামলের আগে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের শাসনব্যবস্থা কেমন ছিল, তা সুস্পষ্টভাবে কোথাও উল্লেখ নেই। তবে সময়ের বাস্তবতায় ধীরে ধীরে একটি শাসনব্যবস্থা গড়ে ওঠে, যদিও সে ব্যবস্থা সামন্ততান্ত্রিক। কিন্তু বিভিন্ন শাসন-প্রক্রিয়ায় আদিবাসীদের সামাজিক রীতিনীতি ও ঐতিহ্যবাহী প্রথা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে।অন্যদিকে প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, প্রথাগত আইন ও শাসনের লিখিত রূপ দেওয়া গেলে অধিকার আদায় সহজ হবে। এ জন্য সার্কেল-প্রধান (রাজা), হেডম্যান ও বিভিন্ন জনগোষ্ঠীর বয়োজ্যেষ্ঠ লোকজনের সমন্বয়ে উদ্যোগ নেওয়া হলে মন্ত্রণালয় সহযোগিতা দেবে।