পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি সন্তু লারমার
পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও সব আদিবাসীর সমান মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। গত বুধবার সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামে আদিবাসীদের এক সমাবেশে তিনি এ দাবি জানান।
রাতাল আদিবাসী যুবসংঘের সভাপতি জীতেন্দ্রনাথ ওঁরাওয়ের সভাপতিত্বে স্থানীয় রহমত ইকবাল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ওই সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের শিক্ষক মুহসীন কামাল, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
সমাবেশে সন্তু লারমা বলেন, পার্বত্য চুক্তি সই হওয়ার পর পার্বত্য এলাকায় শান্তি ফিরেছিল। কিন্তু এই চুক্তির পুরোপুরি বাস্তবায়ন হয়নি। চুক্তির পূর্ণ বাস্তবায়ন হলে সেখানকার বাঙালি ও আদিবাসীদের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে। তিনি বলেন, সমতলের আদিবাসীরা জমির মালিকানাসহ সব ধরনের সাংবিধানিক সুবিধা ভোগ করার ক্ষেত্রে এখনো নানা সমস্যার সম্মুখীন। এ কারণে তাঁরা আর্থিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়েছেন। এসব সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে।
সমাবেশে যোগ দেওয়ার আগে সন্তু লারমা স্থানীয় আদিবাসী গ্রাম ঘুরে দেখেন এবং গ্রামের অধিবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।