পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতলের ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে পাহাড়ে মানববন্ধন হয়েছে। আয়োজকদের দাবি, পার্বত্য চট্টগ্রামের তিন জেলার ৩০০ কিলোমিটার সড়কে এ কর্মসূচি পালন করা হয়েছে। পার্বত্য তিন জেলার বাইরে ঢাকা, চট্টগ্রামসহ সমতলের আরও ২৪টি জেলায় একই দাবিতে এ কর্মসূচি পালন করা হয় বলে আয়োজকেরা জানান।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম শাখা ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। তবে শান্তিপূর্ণ এ কর্মসূচি পালনের সময় খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আয়োজকদের দাবি, খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় অন্তত নয়জন আহত হয়েছেন।
বান্দরবান জেলার মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম থেকে খাগড়াছড়ি জেলার ভারত সীমান্তবর্তী দুদুকছড়া পর্যন্ত ৩০০ কিলোমিটার সড়কের জনবসতিপূর্ণ এলাকায় গতকাল সকাল নয়টা থেকে ব্যানার-ফেস্টুন হাতে মানুষ জড়ো হতে থাকে। ক্ষুদ্র জাতিসত্তার মানুষের সঙ্গে কিছু এলাকায় বাঙালিরা মানববন্ধনে যোগ দেন। পার্বত্য চট্টগ্রাম ছাড়াও ঢাকা, চট্টগ্রামসহ সমতলের ২৪টি জেলায় একই দাবিতে একই সময়ে কর্মসূচি পালন করা হয় বলে আয়োজকেরা জানান।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে মানববন্ধনে অংশ নেন। লংগদু উপজেলায় মানববন্ধনে যোগ দেন চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় ও রানি য়েন য়েন। কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যে দেবাশীষ রায় বলেন, ‘চুক্তি আমাদের অধিকার। চুক্তি বাস্তবায়নে সবাইকে কাজ করে যেতে হবে।’
রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ ফটকে আয়োজিত সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করা হচ্ছে না। চুক্তি বাস্তবায়নের বিষয়টিকে গাণিতিক পরিসংখ্যানের মাধ্যমে তুলে ধরে অপপ্রচার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে গৌতম দেওয়ান বলেন, ‘আপনি বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার স্বপ্ন দেখেন। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেন। আমরাও আপনার মতো স্বপ্ন দেখি। কিন্তু অধিকারহীন মানুষ কীভাবে এগিয়ে যাবে?’
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান স্বাক্ষরিত তিন সংগঠনের দেওয়া যৌথ বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় অন্তত নয়জন আহত হয়েছেন। খাগড়াছড়িতে মানববন্ধনে অংশ নেওয়া নেতা-কর্মীদের কাছ থেকে ব্যানার ও ফেস্টুন কেড়ে নেওয়া হয়।
গৌতম দেওয়ান অভিযোগ করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসনের কাছে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। খাগড়াছড়ি জেলা প্রশাসনের এ ধরনের আচরণের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। চুক্তি বাস্তবায়ন না করে প্রশাসন নির্যাতনমূলক আচরণ করলে ভবিষ্যতে কর্মসূচি শান্তিপূর্ণ নাও থাকতে পারে।’
রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় এলাকার কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন মানিক লাল দেওয়ান, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, সি এইচ টি হেডম্যান নেটওয়ার্কের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, এম এন লারমা ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হ্লা থুই মারমা প্রমুখ।
মানববন্ধন শেষে তিন সংগঠনের বিবৃতিতে অভিযোগ করা হয়, খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকায় মানববন্ধনে আসা লোকজনকে লাঠিপেটা করা হয়।
এ বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেমায়উন কবীর চৌধুরী বলেন, ‘আমরা তাঁদের রাস্তায় দাঁড়াইতে দিইনি। বলেছি, আপনাদের মানববন্ধন করার সরকারি কোনো অনুমতি নেই। দয়া করে রাস্তা ছেড়ে দেন। এখন যদি বলেন, লাঠিপেটা, আহত আমাদের বলার কিছুই নাই।’
বান্দরবান: জেলা সদর থেকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পর্যন্ত সড়কে সকাল সাড়ে নয়টা থেকে শত শত পাহাড়ি নারী-পুরুষ ব্যানার, ফেস্টুন নিয়ে জড়ো হতে থাকেন। সড়কের পাশে যেখানে জনবসতি, মূলত সেসব এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
জনসংহতি সমিতির জেলা সভাপতি উছোমং মারমা অভিযোগ করেন, মানববন্ধন বানচাল করতে পুলিশ হুমকি দিয়েছে। কয়েকটি স্থানে লোকজনকে দাঁড়াতে দেয়নি।
তবে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকউল্লাহ বলেন, কোথাও কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি।
জেলা শহরে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মানবাধিকারকর্মী ডনাইপ্রু নেলী, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা, নাগরিক কমিটির কেন্দ্রীয় কো-চেয়ারপারসন জুয়ামরিয়ান আমলাই প্রমুখ।
খাগড়াছড়ি: শহরের মহাজন পাড়া, চেঙ্গী স্কোয়ার ও উপজেলা পরিষদ এলাকায় মানববন্ধনে পুলিশ বাধা দেয়। এর প্রতিবাদে শহরের একটি রেস্তোরাঁয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির নেতারা সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্যে নাগরিক কমিটির সদস্য বোধিসত্ত্ব দেওয়ান বলেন, শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালনে প্রশাসন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা দিয়েছে। এ সময় নাগরিক কমিটির সদস্য উক্যজেন, সুধীন কুমার চাকমা, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন বান্দরবান ও দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি}