পার্বত্য চুক্তির বর্ষপূর্তিতে কর্মসূচি
পার্বত্য চুক্তির ১৯তম বর্ষপূর্তি আজ শুক্রবার। এ উপলক্ষে তিন পার্বত্য জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় জনসংহতি সমিতি ও সরকারের উদ্যোগে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ওই চুক্তি হয়।
আজ সকাল ১০টায় জনসংহতি সমিতির উদ্যোগে রাঙামাটি জিমনেশিয়াম চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে ২৯৯-আসনের (রাঙামাটি) সাংসদ উষাতন তালুকদার প্রধান অতিথির বক্তব্য দেবেন। এ ছাড়া জনসংহতি সমিতির উদ্যোগে বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় আলোচনা সভা ও মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে। এতে জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা সদর ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা পরিষদের উদ্যোগে আজ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হবে। পরে পৌরসভা চত্বরে আলোচনা সভা হবে। বিকেলে ফুটবল প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফানুস ওড়ানোর আয়োজন করা হয়েছে। এ ছাড়া জেলা আওয়ামী লীগ, বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট, লংগদু ও জুরাছড়ি সেনা জোন এবং বাঘাইছড়ি বিজিবির মারিশ্যা জোনের উদ্যোগেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, পার্বত্য চুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রা, ফুটবল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি নেওয়া হয়েছে।