পার্বত্য চুক্তির বর্ষপূর্তিতে নানা কর্মসূচি, পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাবেশ, মিছিল, শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে পার্বত্য চুক্তির ১৫তম বার্ষিকী পালিত হয়েছে। এসব অনুষ্ঠানে বক্তারা চুক্তি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁরা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাঙামাটি: শহরের জিমনেসিয়াম চত্বরে গণসমাবেশ করে জেলা জনসংহতি সমিতি। সমিতির জেলা কমিটির সহসভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য ঊষাতন তালুকদার। বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক শাহ আলম, আদিবাসী ফোরামের চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা সভাপতি সুনির্মল দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা প্রমুখ। বক্তারা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে গণ-আন্দোলনের বিকল্প নেই। তাঁরা অভিযোগ করেন, এই সরকার মুখে চুক্তি বাস্তবায়নের কথা বললেও বাস্তবে তাদের সদিচ্ছা নেই।অপরদিকে রাঙামাটি জেলা আওয়ামী লীগ পৃথক সমাবেশ করে। জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকার তালুকদার। তিনি বলেন, ‘বর্তমান সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়নের পরও অভিযোগ করা হচ্ছে, সরকার কিছুই করছে না। এটা ঠিক হচ্ছে না।’ বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি চিংকিউ রোয়াজা প্রমুখ। পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার ছাত্র আন্দোলন রাঙামাটি পৌরসভা মিলনায়তনে এক সমাবেশের আয়োজন করে। বান্দরবান: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) জেলা কমিটির উদ্যোগে দুপুর ১২টায় জেলার ঐতিহাসিক রাজার মাঠ থেকে আদিবাসী নারী-পুরুষের অংশগ্রহণে মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন শেষে আবার ওই মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেএসএসের জেলা সহসভাপতি চিংহ্লা মং চাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সত্যবীর দেওয়ান। বক্তব্য দেন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক জলিমং মারমা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক তাপস হোড় প্রমুখ।বক্তারা অভিযোগ করেন, ১৯৭০ সালে নির্বাচনের পর পাকিস্তানি দখলদার সরকার যে রকম ক্ষমতা হস্তান্তরের নামে বঙ্গবন্ধুর সঙ্গে প্রতারণ করেছিল, ঠিক একইভাবে বর্তমান সরকার চুক্তি বাস্তবায়নের নামে পার্বত্যবাসীর সঙ্গে প্রতারণা করছে। খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পরিষদের মাঠ থেকে শুরু এ শোভাযাত্রা টাউন হলে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক মো. মাসুদ করিম প্রমুখ। অন্যদিকে জেএসএস (এম এন লারমা) জেলা কমিটি বেলা দুইটায় খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কয়ারের এম এন লারমা ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে। সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি সুভাষ শান্তি চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সুধাসিন্ধু খীসা, শক্তিমান চাকমা প্রমুখ। ইউপিডিএফ-সমর্থিত তিন সংগঠনের বিবৃতি: এদিকে পার্বত্য চুক্তির বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি নতুন কুমার চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুমেন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী কণিকা দেওয়ান গতকাল এক যৌথ বিবৃতিতে দিয়েছেন। বিবৃতিতে জনসংহতি সমিতির জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ ও তাঁর বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন কেলেঙ্কারির অভিযোগ তুলে তদন্তের দাবি জানানো হয়। পানছড়ি (খাগড়াছড়ি): পানছড়ি বৌদ্ধমন্দির প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পানছড়ি থানা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়। উপজেলা জেএসএসের (এম এন লারমা) সভাপতি প্রমোদ বিকাশ চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য কাকলী খীসাসহ অন্যরা। দীঘিনালা (খাগড়াছড়ি): জেএসএসের (এম এন লারমা) দীঘিনালা উপজেলা কমিটি সকালে লারমা স্কয়ার থেকে মিছিল বের করে। উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দীঘিনালা ডিগ্রি কলেজ মাঠে বিক্ষোভ সমাবেশ করা হয়। রামগড় (খাগড়াছড়ি): রামগড়ে সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রামগড় পৌর পার্ক এলাকা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক ঘুরে বাজার এলাকায় গিয়ে শেষ হয়। বক্তব্য দেন রামগড় ১৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. শাহ আলম, অপারেশন কর্মকর্তা মেজর শাহ মোহামঞ্চদ আযাদ আলী প্রমুখ।