পার্বত্য চুক্তির সঙ্গে কমিশন আইনের অসংগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেছেন, পার্বত্য চুক্তির সঙ্গে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের কোনো অসংগতি নেই। এ জন্য পার্বত্যবাসীদের ভূমি অধিকার নিশ্চিত করতে আইন অনুযায়ী কমিশন চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে কাজ করছে। গতকাল মঙ্গলবার বান্দরবানে আকস্মিক সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ভূমি বিরোধ নিয়ে মানুষের কাছে অভিযোগ গ্রহণের জন্য গণবিজ্ঞপ্তি প্রচার ও কমিশনের বান্দরবানের সদস্যদের সঙ্গে বৈঠক করতে তিনি এসেছিলেন বলে জানান। কমিশনের চেয়ারম্যান সকালে স্থানীয় সার্কিট হাউসে বোমাং রাজার প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কমিশনের সচিব আবদুল হামিদ, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল আফসার। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদেমুল ইসলাম বলেন, ‘আঞ্চলিক পরিষদ থেকে ভূমি কমিশন আইনের সঙ্গে শান্তিচুক্তির অসংগতির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কমিশনকে জানানো হয়নি। পত্রপত্রিকার মাধ্যমে তাদের (আঞ্চলিক পরিষদের) বক্তব্য-বিবৃতি দেখে আমি কমিশন আইন ও চুক্তি মিলিয়ে দেখেছি। কিন্তু কোথাও কোনো রকম অসংগতি খুঁজে পাইনি।’ প্রসঙ্গত পার্বত্য চুক্তির সঙ্গে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের অসংগতি রয়েছে বলে পার্বত্য আঞ্চলিক পরিষদ থেকে সরকারের কাছে আইনটি সংশোধনের জন্য বারবার তাগিদ দেওয়া হচ্ছে। আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মারমা বলেছেন, পার্বত্য চুক্তির সঙ্গে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের ১৯টি বিষয়ে অসংগতি রয়েছে।