পার্বত্য চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে আইন সংশোধনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধিসহ প্রচলিত আইন সংশোধনের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। তাঁর অভিযোগ, পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়া এবং সরকারের পক্ষ থেকে চুক্তির সঙ্গে সাংঘর্ষিক আইনগুলো সংশোধনের উদ্যোগ গ্রহণ না করায় পার্বত্য চট্টগ্রামে প্রশাসনিক ক্ষেত্রে নানা জটিলতার সৃষ্টি হচ্ছে। এতে জনগণের ভোগান্তি বাড়ছে।
গতকাল রোববার সকালে রাঙামাটি শহরে বেসরকারি সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সভাকক্ষে ‘স্থায়িত্বশীল সুশাসন কৌশল হিসেবে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের স্থানীয় প্রাতিষ্ঠানিক আইনসমূহ গতিশীলকরণ প্রকল্পে’র পরামর্শক সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব দাবি জানান। ডেনমার্ক দূতাবাসের অর্থায়নে আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ও নওজোয়ান যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে।
সন্তু লারমা বলেন, পার্বত্য এলাকায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাজের পরিধি ও দায়িত্বে পরিবর্তন করা না হলে তাঁদের কাজ সব সময় পার্বত্য চুক্তির সঙ্গে বিরোধপূর্ণ হবে। পার্বত্য জেলা পরিষদ, সেনা ও জেলা প্রশাসন, প্রথাগত নেতৃত্ব যে যার মতো কাজ করছে। সবকিছু সমন্বয়হীন। এসব বিষয় প্রকল্পের আওতায় লিখিত আকারে জনগণের কাছে প্রস্তাব তুলে ধরতে হবে।
আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিন চিং মারমা।
আলোচনায় অংশ নেন পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি শক্তিপদ ত্রিপুরা, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন, পার্বত্য চট্টগ্রামের আহ্বায়ক টুকু তালুকদার, সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন, রাঙামাটি হেডম্যান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক থোয়াই অং মারমা, উন্নয়নকর্মী অশোক কুমার চাকমা, সুখেশ্বর চাকমা প্রমুখ।
প্রকল্প পরিচালক কক্সি তালুকদার প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বলেন, পার্বত্য চট্টগ্রামের শাসনব্যবস্থা দেশের সমতল অঞ্চলের প্রশাসনব্যবস্থা থেকে ভিন্ন। জনগণকে বিভিন্ন কাজে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে যেতে হয়। কিন্তু মানুষ সেবাদানকারী প্রতিষ্ঠানের ‘সেবা’র বিষয়ে সচেতন নয়। এ প্রকল্পের মাধ্যমে সর্বস্তরের জনগণকে সচেতন করা এবং বিভিন্ন আইন ও সেবাদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।