পার্বত্য চুক্তির ১৫ বছর পূর্তি আজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৫ বছর পূর্তি আজ ২ ডিসেম্বর। ১৯৯৭ সালের এই দিনে তৎকালীন আওয়ামী লীগ সরকার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করে। এর মধ্য দিয়ে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে।উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে ১৫ বছর পূর্তি পালন উপলক্ষে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।দিবসটি ঘিরে স্থানীয় প্রশাসন তিন পার্বত্য জেলায় সর্বোচ্চ সতর্কাবস্থা গ্রহণ করেছে।এদিকে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা-সমর্থিত জেএসএস ‘প্রতিশ্রুতি নয়, চুক্তির প্রকৃত বাস্তবায়ন চাই’—এ স্লোগান সামনে রেখে আলোচনা সভা ও গণসমাবেশের কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জেএসএসের সভাপতি সন্তু লারমার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। একই দিন চট্টগ্রাম ডিসি হিল পার্কে বেলা তিনটায় গণসমাবেশ হবে। এ ছাড়া দুপুর ১২টায় খাগড়াছড়ির মানিকছড়ি মহামুণি মাঠে, সকাল ১০টায় রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণে এবং বান্দরবান রাজার মাঠে গণসমাবেশ হবে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) ব্যানারে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিক্ষোভ সমাবেশ করা হবে। এ সংগঠনের পক্ষ থেকে ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনকে কার্যকর করা, জুম্ম জাতির সাংবিধানিক স্বীকৃতিসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে তিন জেলা সদরে সমাবেশ করারও কথা রয়েছে। বাঙালিদের সংগঠন সম-অধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদও দিবস উপলক্ষে তিন পার্বত্য জেলায় বিভিন্ন কর্মসূচি পালন করবে।