পার্বত্য চট্টগ্রাম চুক্তির ৭২টি ধারার মধ্যে ইতিমধ্যে ৪৮টির পূর্ণ বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেছেন সংসদ উপনেতা ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৈয়দা সাজেদা চৌধুরী। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারও একই দাবি করেছেন। সরকারের চারটি মন্ত্রণালয়ের অধীন কয়েকটি জেলা কার্যালয় তিন পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর অনুষ্ঠানে ওই দাবি করেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের কেবিনেট কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারের আরও কয়েকটি দপ্তর জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়।প্রধান অতিথির বক্তৃতায় সাজেদা চৌধুরী বলেন, পার্বত্য চুক্তির ৭২টি ধারার অধিকাংশ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে ৪৮টি ধারা সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে। অবশিষ্ট ধারাগুলো বাস্তবায়নে জরুরিভাবে কাজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে।প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, ৪৮টি ধারার বাস্তবায়ন চুক্তিটির পূর্ণ বাস্তবায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন। তিনি এ ধরনের বিষয়ে ভারতসহ কয়েকটি দেশে সম্পাদিত কতিপয় চুক্তির উল্লেখ করে বলেন, ‘সেগুলোর তুলনায় পার্বত্য চুক্তি বাস্তবায়নে আমরা এগিয়ে আছি।’ দ্বিমত অনেকের: সরকারের ওই দাবি সম্পর্কে চুক্তির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পক্ষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা ভিন্নমত পোষণ করেন। তাঁদের কয়েকজন গতকাল প্রথম আলোকে বলেন, চুক্তির যে তিন-চারটি মৌলিক বিষয় বাস্তবায়িত হলে সম্পূর্ণ চুক্তিটিই বাস্তবায়িত হয়েছে বলে সবার মনে হতো, তার একটিও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিরসন এবং জুম্ম শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসন। আঞ্চলিক পরিষদের দায়িত্ব ও ক্ষমতা কার্যকর করা। তিন পার্বত্য জেলা পরিষদের কাছেও যথাযথ দায়িত্ব ও ক্ষমতা হস্তান্তর করা। আঞ্চলিক পরিষদ বিধিমালা প্রণয়ন হয়নি। আঞ্চলিক ও জেলা পরিষদের নির্বাচন করা হয়নি। চুক্তি অনুযায়ী তিন জেলার অস্থায়ী সেনা ক্যাম্পও সরিয়ে নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে আগামী ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তিটি ১৬ বছরে পড়ছে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ওই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে স্বায়ত্তশাসনকামী পাহাড়িদের সঙ্গে মধ্য-সত্তর দশক থেকে চলা এক রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটেছিল।হস্তান্তর প্রসঙ্গ: ১৯৮৯ সালের পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ আইন এবং ১৯৯৭ সালের চুক্তি অনুযায়ী স্থানীয় পর্যায়ের প্রতি জেলায় ৩৩টি সরকারি দপ্তর জেলা পরিষদের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় হস্তান্তর করার কথা। এই প্রক্রিয়ায় গতকাল পর্যন্ত রাঙামাটি জেলা পরিষদের কাছে ২৩টি, খাগড়াছড়ির কাছে ২২ ও বান্দরবানের কাছে ২১টি দপ্তর হস্তান্তর করা হলো।বর্তমান সরকারের গত প্রায় চার বছরের শাসনামলে এর আগে মাত্র দুটি বিষয় হস্তান্তর করা হয়েছিল। আর গতকাল হস্তান্তর করা হলো—স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসির সব দপ্তর ও তুলা উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি অঞ্চল, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন রামগড় মৎস্য খামার (হ্যাচারি) এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সরকারি শিশু সদন।হস্তান্তরের চুক্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পক্ষে সই করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশারেফ হোসেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম লস্কর এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মেশকাত আহমেদ চৌধুরী। তিন জেলা পরিষদের পক্ষে সই করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ির চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং বান্দরবানের চেয়ারম্যান ক্যশৈ হ্লা। পর্যবেক্ষক হিসেবে চুক্তিতে সই করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার সাংবাদিকদের ব্রিফ করেন।