পার্বত্য জনগণের ভূমির অধিকার নিশ্চিত করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার পার্বত্য এলাকার জনগণের ভূমির অধিকার নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেবে। সব পার্বত্য জেলাতে বসবাসকারীরাও এ দেশের নাগরিক। দেশের অন্যান্য নাগরিকের মতো তারাও ভূমির অধিকার ভোগ করবে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। উন্নয়ন ও প্রয়োজনীয় নির্দেশনা দিতে মন্ত্রণালয়গুলো পরিদর্শনের পরিকল্পনার অংশ হিসেবে গতকাল তিনি ওই মন্ত্রণালয়ে যান। খবর বাসসের।
ভূমির মালিকানাকে পার্বত্য চট্টগ্রামের প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার এ সমস্যা সমাধানে পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে এবং শিগগিরই পূর্ণাঙ্গ কমিশন গঠিত হবে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘পার্বত্য এলাকার আর্থসামাজিক উন্নয়নে আমরা প্রয়োজনীয় সব কিছু করতে চাই, যা এ অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুই দশক থেকে এখানকার মানুষ কষ্ট করছে।’ শেখ হাসিনা বলেন, ভূমি আইনবিষয়ক সমস্যা নিয়ে একটা ইতিবাচক আলোচনা চলছে। উভয় পক্ষকে এ সমস্যার সমাধানে একটা মতৈক্যে পৌঁছতে হবে।
শেখ হাসিনা বলেন, পার্বত্য চুক্তির মোট ৭২টি ধারার মধ্যে ৪৮টি ইতিমধ্যে সরকার বাস্তবায়ন করেছে। ১৫টি ধারার আংশিক বাস্তবায়ন হয়েছে এবং বাকি নয়টি ধারা বাস্তবায়নও প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার সিএইচটি উন্নয়ন বোর্ড অধ্যাদেশ-১৯৭৩ সংশোধন করেছে। এই সংশোধনের ফলে দুই কোটি টাকার পর্যন্ত প্রকল্প গ্রহণের অর্থনৈতিক ক্ষমতা অর্জন করেছে সিএইচটি উন্নয়ন বোর্ড। ‘সিএইচটি কমপ্লেক্স’ নির্মাণের জন্য সরকার বেইলি রোডে ১ দশমিক ৯৬ একর জমি বরাদ্দ দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারও নাম উল্লেখ না করে বলেন, অনেক লোক এখন পার্বত্য চট্টগ্রামে যায় এবং তাদের অভিভাবকত্ব দেখায়। নানা উপদেশ দেয়। তিনি বলেন, ‘চুক্তির সুবিধা নিয়ে তারা এখানে আসে বন্ধুর মতো। কিন্তু তাদের অভিপ্রায় সম্পর্কে আমি স্পষ্ট নই। আমরা পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পাশাপাশি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মাধ্যমে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে সর্বদা সজাগ রয়েছি।’
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর। আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।