পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধনের উদ্যোগ বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তিন পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধনের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পরিষদসমূহের নির্বাচন দাবি করেছে। গতকাল মঙ্গলবার সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর ১৬ বছর অতিবাহিত হলেও পার্বত্য জেলা পরিষদসমূহে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়নি। যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, পার্বত্য জেলা পরিষদগুলোকে সেই দলের নেতা-কর্মীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হয়েছে। যার কারণে পরিষদগুলোর কোনো দায়বদ্ধতা ও জবাবদিহি নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসংহতি সমিতি মনে করে, তিন পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাচনকে অব্যাহতভাবে পাশ কাটানো এবং পার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে সুকৌশলে বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে সরকার তিন পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিন পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধনের উদ্যোগ বাতিল করে পার্বত্য চুক্তি মোতাবেক প্রণীত আইন অনুসারে অনতিবিলম্বে তিন পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পরিষদসমূহের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচন বিধিমালা এবং স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা বিধিমালা প্রণয়নের দাবি জানানো হয়।