পার্বত্য জেলা পরিষদের নির্বাচন ও গ্যাসের দাবিতে মানববন্ধন
পার্বত্য জেলা পরিষদগুলোতে নির্বাচন ও সেমুতাং ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস পার্বত্যবাসীকে সরবরাহের দাবিতে গতকাল রোববার খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে জুম্ম জনপ্রতিনিধি সংসদ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, ১৯৮৯ সালের পর দীর্ঘ ২২ বছরেও তিন জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছে না। এগুলো শুধু দলীয় স্বার্থ ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহূত হচ্ছে। স্মারকলিপিতে অবিলম্বে জেলা পরিষদের নির্বাচন দেওয়া, পরিষদের অনিয়ম-দুর্নীতি বন্ধ করা, বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দ করা অর্থের ৫০ শতাংশ জেলা পরিষদ থেকে উপজেলা ও ইউনিয়ন পরিষদের উন্নয়নকাজে বরাদ্দ, জেলা পরিষদের উন্নয়ন কমিটিতে সব উপজেলা চেয়ারম্যানকে অন্তর্ভুক্ত, সেমুতাংয়ের গ্যাস পার্বত্য জেলার বাসিন্দাদের মধ্যে সরবরাহের ব্যবস্থা না করা পর্যন্ত এর উত্তোলন বন্ধ রাখা এবং গ্যাসভিত্তিক শিল্প কারখানা স্থাপন করে এলাকায় কর্মসংস্থান সৃষ্টির দাবি জানানো হয়।কর্মসূচিতে বক্তব্য দেন নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদের সভাপতি ও পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, খাগড়াছড়ি পৌর কাউন্সিলর মিলন দেওয়ান, জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা, জেএসএসের (এমএন লারমা) কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক শক্তিমান চাকমা, খাগড়াছড়ি ল’ কলেজের অধ্যক্ষ খুরশীদ আলম, খাগড়াছড়ি জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি তৈয়ব আলী প্রমুখ।