পার্বত্য জেলার এনজিও কর্মকাণ্ড নজরদারিতে রাখার সুপারিশ
তিন পার্বত্য জেলার এনজিওগুলোর কর্মকাণ্ড নজরদারিতে রাখার সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। সেই সঙ্গে সেখানকার নিবন্ধনবিহীন এনজিওগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে। যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে কোনো এনজিও যাতে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, সে জন্যই কমিটি এই সুপারিশ করেছে।বৈঠকে পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ এবং এ বিষয়ে ভূমি কমিশনের ভূমিকা নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে গতকাল রোববার সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে কমিটির সদস্য বীর বাহাদুর প্রথম আলোকে বলেন, পার্বত্য চট্টগ্রামে অনেক এনজিও কাজ করছে। এসব এনজিওর কাজ কী, আদৌ কোনো কাজ করছে কি না, কমিটি তা জানতে চেয়েছে। কোনো এনজিও যুদ্ধাপরাধের বিচারকাজে যাতে বিঘ্ন ঘটাতে না পারে, সে জন্যই কমিটি এনজিওগুলোর কাজ মনিটরিং করার সুপারিশ করেছে। বৈঠকে কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, বীর বাহাদুর, এথিন রাখাইন, যতীন্দ্র লাল ত্রিপুরা, গিয়াস উদ্দিন আহমেদ, কে এম খালিদ, আবদুর রহমান বদি এবং আমন্ত্রিত হিসেবে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদিমুল ইসলাম উপস্থিত ছিলেন।