পার্বত্য জেলার সাংসদেরা চুক্তি বাস্তবায়নে কাজ করছেন না: সন্তু লারমা
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান এবং জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা অভিযোগ করেছেন, তিন পার্বত্য জেলার সাংসদেরা পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও ভূমি সমস্যা নিরসনে কাজ করছেন না। তাঁরা উন্নয়নকাজের নামে নিজেদের স্বার্থ উদ্ধার করছেন। গতকাল মঙ্গলবার বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাবলা হেডম্যান পাড়ায় ম্রো আদিবাসীদের এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন। বান্দরবানে ভূমি দখল বন্ধ ও চুক্তি বাস্তবায়নের দাবিতে ম্রো যুবসমাজের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সন্তু লারমা অভিযোগ করেন, সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র ও বন বিভাগের বনায়নসহ বিভিন্ন অজুহাতে বান্দরবানের আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। সরকার একদিকে ভূমিবিরোধ নিষ্পত্তির কথা বলছে, অপরদিকে বিভিন্ন সংস্থা ও বিভাগের মাধ্যমে অধিগ্রহণের নামে আদিবাসীদের ভূমিছাড়া করছে। সন্তু লারমা বলেন, নব্বইয়ের দশকে বান্দরবান সদর উপজেলার সুয়ালকে সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের নামে সাড়ে ১১ হাজার একর জমি অধিগ্রহণ করে ছয় হাজার ম্রো আদিবাসী এবং আদি, স্থায়ী বাঙালি বাসিন্দাকে উচ্ছেদ করা হয়। ওই সব আদিবাসী ও বাঙালিরা এখনো মানবেতর জীবনযাপন করছে। এখন আবার রুমায় সেনানিবাস সম্প্রসারণ ও সুয়ালকে বিমানবাহিনীর জন্য ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া চালানো হচ্ছে। এটা হলে আবারও হাজার হাজার পরিবার উদ্বাস্তুতে পরিণত হবে। এ কারণে কিছুতেই আর এ অঞ্চলের মানুষের ভূমি দখল করতে দেওয়া হবে না। ম্রো যুবসমাজের সভাপতি কংলাই ম্রোর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য ও একতা পত্রিকার সম্পাদক শাহীনুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, আঞ্চলিক পরিষদ সদস্য সাধুরাম ত্রিপুরা প্রমুখ। সমাবেশে চিম্বুক পাহাড়ের বিভিন্ন পাড়া-গ্রাম থেকে কয়েক শ ম্রো আদিবাসী অংশ নেন।