পার্বত্য তিন জেলায় জনসংখ্যা বেড়েছে দুই লাখ ৭০ হাজার
পার্বত্য চট্টগ্রামে (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) মোট জনসংখ্যা ১৬ লাখ ৬৩ হাজার ২১৪। ২০০১ সালের আদম শুমারিতে এ সংখ্যা ছিল ১৩ লাখ ৯১ হাজার ৭৯০। ১০ বছরে জনসংখ্যা বেড়েছে দুই লাখ ৭১ হাজার ৪২৪ জন। তিন পার্বত্য জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার জাতীয় হারের চেয়ে বেশি। জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি বান্দরবানে ২ দশমিক ৬৪, রাঙামাটিতে ১ দশমিক ৫৮ ও খাগড়াছড়িতে ১ দশমিক ৫৪ শতাংশ। গতকাল সোমবার দেশব্যাপী প্রকাশিত ২০১১ সালের আদম শুমারি প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। তিন পার্বত্য জেলায় পৃথকভাবে আদম শুমারি প্রতিবেদন প্রকাশ করা হয়। বান্দরবান জেলা পরিসংখ্যান কর্মকর্তা বাবুল রঞ্জন ভৌমিক জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হওয়ার কারণ সম্পর্কে বলেন, অভিবাসনের হার বেড়ে যাওয়ায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। বান্দরবানে কর্মসংস্থান সৃষ্টিসহ নানা কারণে জনসংখ্যা বাড়ছে। বান্দরবান জেলায় ২০০১ সালে জনসংখ্যা ছিল তিন লাখ ১১ হাজার ৫৭০। ২০১১ সালে হয়েছে চার লাখ চার হাজার ৩৩। রাঙামাটি জেলায় ২০০১ সালে জনসংখ্যা ছিল পাঁচ লাখ ৩১ হাজার ২৬৭। ২০১১ সালে হয়েছে ছয় লাখ ২০ হাজার ২১৪ জন। খাগড়াছড়ি জেলায় ২০০১ সালে জনসংখ্যা ছিল পাঁচ লাখ ৪৮ হাজার ৯৫৩। ২০১১ সালে হয়েছে ছয় লাখ ৩৮ হাজার ৯৬৭ জন। অপরদিকে ২০০১ সালের আদম শুমারি প্রতিবেদনে আদিবাসীদের (নৃগোষ্ঠী) সম্প্রদায়ভিত্তিক সংখ্যা দেখানো হয়নি। ২০১১ সালে আদিবাসীদের সংশ্লিষ্ট জেলার প্রধান তিনটি সম্প্রদায়ের পরিসংখ্যান দেখানো হয়েছে। অবশিষ্ট ব্যক্তিদের সংখ্যা দেখানো হয়েছে একসঙ্গে ‘অন্যান্য’ কলামে। তিন পার্বত্য জেলায় আদিবাসী জনসংখ্যা আট লাখ ৫৬ হাজার ৫৪১ এবং বাঙালি জনসংখ্যা আট লাখ ছয় হাজার ৬৭৩ জন। আদিবাসীদের মধ্যে বান্দরবান জেলায় মারমা জনসংখ্যা ৭৭ হাজার ৪৭৭, ম্রো জনসংখ্যা ৩৮ হাজার ২১, ত্রিপুরা জনসংখ্যা ২০ হাজার ৬৮৫ ও অন্যান্য ৩৬ হাজার ২১৮ জন। রাঙামাটি জেলায় চাকমা জনসংখ্যা দুই লাখ ৬০ হাজার ৪৪৫, মারমা জনসংখ্যা ৫১ হাজার ২৩৫, ত্রিপুরা জনসংখ্যা ২৭ হাজার ৫২ ও অন্যান্য ১৭ হাজার ৪২১ জন। খাগড়াছড়ি জেলায় চাকমা জনসংখ্যা এক লাখ ৬১ হাজার ৯৬০, ত্রিপুরা জনসংখ্যা ৮৬ হাজার ১৯৬, মারমা জনসংখ্যা ৬৭ হাজার ১১ ও অন্যান্য এক হাজার ৮২০ জন। এদিকে বান্দরবান জেলায় পুরুষের সংখ্যা দুই লাখ তিন হাজার ৩৫০ ও নারীর সংখ্যা এক লাখ ৮৪ হাজার ৯৮৫ জন। রাঙামাটি জেলায় পুরুষ ও নারীর সংখ্যা তিন লাখ ২৫ হাজার ৮২৩ ও দুই লাখ ৯৫ হাজার ৩৯১ জন। খাগড়াছড়ি জেলায় পুরুষ ও নারীর সংখ্যা তিন লাখ ১৩ হাজার ৭৯৩ ও তিন লাখ ১২৪ জন।