রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ও জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার বলেছেন, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি এখন তুষের আগুনের মতো। এ অবস্থা থেকে আগ্নেয়গিরি সৃষ্টি হতে পারে। পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলনে সবাইকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার রাঙামাটিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির ১২তম কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধন উপলক্ষে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জড়িতা চাকমা।
ঊষাতন তালুকদার বলেন, অনেক ত্যাগের পর অধিকারের স্বীকৃতি দিতে পার্বত্য চুক্তি হয়েছে। অথচ সেই চুক্তি বাস্তবায়িত হচ্ছে না। এখন আর কালক্ষেপণ করার সুযোগ নাই। মানুষকে সংগঠিত করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাধবীলতা চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদগুলোকে অকার্যকর করে রাখা হয়েছে। সাধারণ প্রশাসনের কর্মকর্তারাও পার্বত্য চুক্তি মানে না।
জনসংহতি সমিতির মহিলাবিষয়ক সম্পাদক কল্পনা চাকমা বলেন, বর্তমান সরকার নানাভাবে আদিবাসীদের অস্তিত্ব বিলীন করতে তৎপর।
সম্মেলনে বক্তব্য দেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, বান্দরবান সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ওয়াইচিং প্রু মারমা প্রমুখ।