পার্বত্য পরিস্থিতি নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন অনেক প্রশ্নের জবাব নেই
উপজাতীয় সন্ত্রাসীদের আড়াল করতে গিয়ে বিএনপির সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার ওপর দোষ চাপাচ্ছে সরকার। প্রকৃত দোষীদের বাঁচিয়ে দেওয়ার কৌশল হিসেবে বাঘাইহাটে বিএনপির নেতা-কর্মীদের আটক করা উদ্দেশ্যমূলক।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে খাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি পার্বত্য এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহারের কারণেই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দাবি করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি সহিংস ঘটনার অজুহাতে বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা, গণগ্রেপ্তার ও হয়রানির ঘটনা ঘটছে। আর সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও তাঁকে জড়িত করার পাঁয়তারা চালানো হচ্ছে।বিএনপির অভিযোগ, সেনাবাহিনী প্রত্যাহার করায় সেখানে সংঘাতের ঘটনা ঘটেছে। তবে কোথায় কত ক্যাম্প ছিল আর কত সেনাসদস্য প্রত্যাহার করা হয়েছে জানতে চাইলে আবদুল্লাহ আল নোমান বলেন, এ সংখ্যা তাঁর জানা নেই।অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি কাদের সন্দেহ করছে জানতে চাইলে নোমান বলেন, তদন্ত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে দোষারোপ করা ঠিক হবে না। কিন্তু লিখিত বক্তব্যে বলা হয়েছে, শান্তিবাহিনীর নেতা যতীন্দ্রলাল ত্রিপুরা আর সন্ত্রাসী উপজাতিদের সম্মিলিত প্রচেষ্টায় এ সহিংসতা ঘটানো হয়েছে।জোট সরকারের সময় কোনো শান্তি প্রচেষ্টা চালানো হয়েছিল কি না জানতে চাইলে নোমান বলেন, ওখানে কোনো উপজাতি সে সময় অশান্তিতে ছিল না। বাঘাইহাটের কয়েকজন বাঙালি স্থানীয় চাকমাদের কাছ থেকে জমি কিনেছে বলে কাগজপত্রে দেখা যাচ্ছে। কিন্তু বাস্তবে ওই সব জমি বন বিভাগের—এমন কাগজপত্র দেখিয়ে প্রশ্ন করা হলে নোমান কোনো উত্তর দেননি।সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউছুপ চৌধুরী উগ্র সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, দেশের অখণ্ডতা রক্ষা করতে প্রত্যাহার করা সেনাক্যাম্প পুনঃস্থাপন, পার্বত্য অঞ্চলে বিদেশি সংস্থা, ইউরোপীয় ইউনিয়নের তত্পরতা বন্ধ ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনকে অবৈধ ঘোষণার দাবি জানান।