কর্মশালায় প্রতিমন্ত্রী দীপংকর
পার্বত্য ভূমি আইন সংশোধন করতে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে
পার্বত্যচুক্তি হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ বাস্তবায়ন হচ্ছে না, এটা নিয়ে কিছুটা যন্ত্রণা আছে। তবে কিছুই করতে পারিনি—এমন কোনো বেদনা মনের মধ্যে নেই বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।গতকাল বৃহস্পতিবার ‘পার্বত্য জেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের আইন সুষমকরণ’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি দীপংকর তালুকদার এসব কথা বলেন। ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের (সিএইচটিডিএফ) সহযোগিতায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়। দীপংকর তালুকদার বলেন, সমতলের চেয়ে পার্বত্য চট্টগ্রামের প্রশাসনিক কাঠামো ভিন্ন। এখানে রয়েছে পার্বত্যচুক্তির আলোকে গঠিত প্রতিষ্ঠান; পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পার্বত্য জেলা পরিষদ ও ঐতিহ্যবাহী সার্কেল চিফ (রাজা) শাসন প্রথা। তাই এসব প্রতিষ্ঠানের সঙ্গে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের অনেক সাংঘর্ষিক দিক রয়েছে। এসব সাংঘর্ষিক দিক দূর করার উদ্দেশ্যেই এ কর্মশালা। প্রতিমন্ত্রী পার্বত্য ভূমি কমিশনের আইন সংশোধনে পার্বত্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে বলে উল্লেখ করেন। সাংবিধানিক স্বীকৃতির দাবির বিষয়ে দীপংকর তালুকদার বলেন, দেশের ৪০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ক্ষুদ্র জাতিসত্তা, উপজাতি হিসেবে আদিবাসীদের স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি একটি প্রবেশদ্বার। পরবর্তী সময়ে আরও অনেক কিছু আসবে। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের জ্ঞানপাপী হিসেবে আখ্যায়িত করেন তিনি। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম শহীদ। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের বিশেষ প্রশাসন ব্যবস্থার সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আইনের সমন্বয় করা গেলে উন্নয়ন ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এবং কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ আবু আসাদ। এ সময় অন্যান্যের মধ্যে চাকমা রাজা দেবাশীষ রায়, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, বান্দরবান জেলা প্রশাসক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।