আইনি জটিলতায় পার্বত্য ভূমি কমিশন সাড়ে তিন বছরে এক বিন্দুও এগোতে পারেনি। কমিশন এখন কার্যত অচল।গতকাল মঙ্গলবার ‘জাতিগত সংখ্যালঘু-সংক্রান্ত আইএলও সনদ’ বিষয়ক এক সেমিনারে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দিপঙ্কর তালুকদার এ মন্তব্য করেন। জাতীয় মানবাধিকার কমিশন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করে।পার্বত্য চুক্তি বাস্তবায়নে বর্তমান সরকার অনেক কিছু করেছে—এমন দাবি করেও ভূমি কমিশনের অচলাবস্থার কথা স্বীকার করেন প্রতিমন্ত্রী। তিনি এ সময় বলেন, পার্বত্য সমস্যার মূলে রয়েছে ভূমি সমস্যা। দীপঙ্কর তালুকদার বলেন, পার্বত্য ভূমি কমিশন আইন সংস্কার নিয়ে ভূমি ও আইন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তবে আইনের কিছু ধারা সংশোধন না করেও সমঝোতার ভিত্তিতে আইনটিকে কার্যকর করা সম্ভব। কিন্তু এ বিষয়ে কোনো পক্ষই ছাড় দিচ্ছে না।পার্বত্য চট্টগ্রামে আদিবাসী নারী নিপীড়ন বেড়ে গেছে—বিভিন্ন মানবাধিকার সংগঠনের এই দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে পারভারশন (যৌন বিকৃতি) বেড়ে গেছে। তাই ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে। আলাদা করে পাহাড়ি মেয়েদের ওপর নির্যাতন বাড়েনি।’উদ্বোধনী অধিবেশনের সভাপতি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে যত কথা হয়েছে, বাস্তবে কাজ ততটা হয়নি। তিনি আদিবাসীদের অধিকারসংক্রান্ত আইএলও সনদ ১৬৯ অনুমোদন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেমিনারের কর্ম-অধিবেশনে মূল প্রবন্ধ পড়েন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন। আলোচনা করেন আদিবাসী নেতা সঞ্জীব দ্রং, আইএলওর জাতীয় সমন্বয়ক অভিলাষ কুমার ত্রিপুরা প্রমুখ।