পার্বত্য ভূমি কমিশনের একতরফা শুনানি বাতিলের দাবি
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন চেয়ারম্যানের একতরফা শুনানি বাতিল ও প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম। বিকেল চারটার দিকে তারা খাগড়াছড়ি জেলা সদরের মহাজনপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চেঙ্গী স্কয়ার ঘুরে উপজেলা পরিষদ হয়ে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা, সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমেন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রীনা দেওয়ান প্রমুখ। সমাবেশ থেকে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা ঘোষণা করেন, ১০ জুন খাগড়াছড়িতে ভূমি কমিশনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে। ভূমি কমিশনের একতরফা শুনানি কার্যক্রম বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। বক্তারা বলেন, ভূমি কমিশনের বিতর্কিত চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী পাহাড়ি জনগণের প্রতিবাদ-বিক্ষোভ ও দাবি-দাওয়াকে উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে একতরফা শুনানি কার্যক্রম পরিচালনা করছেন। পার্বত্য চট্টগ্রামের জনগণ এটা কিছুতেই হতে দেবে না। সমাবেশ শেষে পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করা হয়।