পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের একতরফা শুনানি বাতিল, কমিশনের চেয়ারম্যানের অপসারণসহ বিভিন্ন দাবিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে গতকাল শনিবার বিক্ষোভ সমাবেশ করেছে আদিবাসীদের বিভিন্ন সংগঠন। এসব সমাবেশে আদিবাসীদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি ও কমিশনের সব কার্যক্রম বন্ধের দাবি তোলা হয়। আজ রোববার খাগড়াছড়িতে কমিশনের কার্যালয়ে ভূমিবিরোধ নিষ্পত্তিসংক্রান্ত শুনানি হওয়ার কথা রয়েছে। বিভিন্ন সংগঠন এই শুনানি বাতিলের দাবিতে কমিশনের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে।গণতান্ত্রিক যুব ফোরামের পক্ষ থেকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষণা দেওয়া হয়, ঘেরাও কর্মসূচিতে বাধা দিলে সোমবার খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা-হরতাল পালন করা হবে।এদিকে গতকাল রাঙামাটি জেলার সদর উপজেলার কুতুকছড়ি, নানিয়ারচর, কাউখালী ও বাঘাইছড়িতে এবং খাগড়াছড়ি জেলার সদর উপজেলা, দীঘিনালা, পানছড়ি ও মহালছড়ি উপজেলায় বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এসব সমাবেশে বক্তারা বলেন, পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি না দিয়ে পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধান সম্ভব নয়। পাহাড়িদের ভূমি অবৈধভাবে সেটেলারদের (পুনর্বাসিত বাঙালি) বন্দোবস্ত দেওয়ার পাঁয়তারা চলছে। এ জন্য সরকার ভূমি কমিশন চেয়ারম্যানের হাতে অগণতান্ত্রিকভাবে সর্বময় ক্ষমতা দিয়েছে। ভূমি কমিশনের আইনের বিতর্কিত ও অগণতান্ত্রিক ধারা সংশোধনেরও দাবি জানান বক্তারা।খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) ও নির্বাচিত জুমঞ্চ জনপ্রতিনিধি সংসদ যৌথভাবে উপজেলার লারমা স্কয়ারে প্রতিবাদ সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন নির্বাচিত জুমঞ্চ জনপ্রতিনিধি সংসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও কবাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুপ্রিয় চাকমা, নারী ভাইস চেয়ারম্যান শতরূপা চাকমা, বাবুছড়া ইউপির চেয়ারম্যান পরিতোষ চাকমা, বোয়ালখালী (সদর) ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, উপজেলা জনসংহতি সমিতির (এম এন লারমা) সভাপতি প্রীতিময় চাকমা।পানছড়ি উপজেলায় মহামুনি বৌদ্ধমন্দির প্রাঙ্গণে নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) পৃথক কর্মসূচি পালন করে। বেলা ১১টায় প্রথমে জুম্ম জনপ্রতিনিধি সংসদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন জনপ্রতিনিধি সংসদের তথ্য ও প্রচার সম্পাদক সমর বিকাশ চাকমা। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন অনিল চন্দ্র চাকমা, শান্তি জীবন চাকমা, অসেতু বিকাশ চাকমা, প্রদুত্তর চাকমা, কালাচাঁদ চাকমা, অপরাজিতা খীসা।একই স্থানে বেলা দুইটায় সমাবেশ করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) পানছড়ি শাখা। এতে সভাপতিত্ব করেন প্রমোদ বিকাশ চাকমা। অন্যদের মধ্যে বক্তব্য দেন আয়তন চাকমা, সুপন চাকমা, আর্ধ্যপাল খীসা। বক্তারা ভূমি কমিশনের চেয়ারম্যানকে প্রত্যাহার করে নতুন নিয়োগের দাবি জানান। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জনসংহতি সমিতি (এম এন লারমা) ও নির্বাচিত জুম্ম সংসদ পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। সকাল সাড়ে ১০টায় জুম্ম সংসদের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা। বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বঙ্গলতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারুসি চাকমা। একই স্থানে বেলা সাড়ে ১১টার দিকে জনসংহতি সমিতির (এম এন লারমা) উদ্যোগে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা শাখার সহসভাপতি চিত্র বিকাশ চাকমা, যুব সমিতির সভাপতি জ্যোতি চাকমা। বক্তারা বলেন, ভূমি কমিশনের চেয়ারম্যানকে দ্রুত অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। [প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি, খাগড়াছড়ি ও দীঘিনালা প্রতিনিধি, পানছড়ি (খাগড়াছড়ি) ও বাঘাইছড়ি (রাঙামাটি) সংবাদদাতা]