পার্বত্য ভূমি কমিশনের ৩২ মামলার শুনানি গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন গতকাল সোমবার আরও ৩২টি মামলার শুনানি গ্রহণ করেছে। অপরদিকে ভূমি কমিশনের একতরফা শুনানি বাতিলের দাবিতে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলায় ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি বড় কোনো অঘটন ছাড়াই শেষ হয়েছে।গতকাল বেলা পৌনে ১১টার দিকে ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী কমিশনের একমাত্র সদস্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের প্রতিনিধি অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল ইসলামকে নিয়ে এজলাসে ওঠেন। এ সময় শুনানির জন্য নির্ধারিত ৩২টি মামলার মধ্যে ১২টি মামলা পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের এখতিয়ারবহির্ভূত উল্লেখ করে খারিজ করে দেওয়া হয়। অবশিষ্ট ২০টি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন ২৩ জুলাই। এর আগে গত রোববার শুনানির জন্য নির্ধারিত ৪৮টি মামলার মধ্যে ১৭টি মামলা খারিজ করে দেওয়া হয়।গতকাল বেলা একটায় আদালত মুলতবি ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান। ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী প্রতিবার আদালত মুলতবির পর সাংবাদিকদের সঙ্গে কথা বললেও গতকাল ছিল ব্যতিক্রম। তিনি এজলাস থেকে নেমে সোজা কার্যালয়কক্ষে চলে যান। পরে ভূমি কমিশনের সচিব আবদুল হামিদ সাংবাদিকদের জানান, দুই দিনে নির্ধারিত ৮০টি মামলার মধ্যে রোববার ১৭টি এবং গতকাল সোমবার ১২টি মামলা কমিশন আইনের এখতিয়ারবহির্ভূত হওয়ায় খারিজ করে দেওয়া হয়েছে। তিনি জানান, পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১ অনুযায়ী, ভারত প্রত্যাগত শরণার্থীদের বেদখল করা ভূমি এবং বন্দোবস্তি প্রদানের ক্ষেত্রে কোনো অনিয়মের অভিযোগ থাকলে সেসব ভূমির বিরোধ নিষ্পত্তি করবে কমিশন। খারিজ হওয়া ২৯টি মামলা কমিশন আইনের বহির্ভূত বলে তিনি উল্লেখ করেন। গত রোববার ও সোমবার কোরাম সংকটের মধ্যে শুনানি গ্রহণ করা হয়। অবশ্য গত ২ মে ভূমি কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরী কোরাম সংকট সত্ত্বেও আইনের বিশেষ বিধানের মাধ্যমে শুনানি গ্রহণের কথা বলেছিলেন। তবে কমিশনের অন্যতম সদস্য চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় চেয়ারম্যানের ওই বক্তব্য সঠিক নয় বলে জানান। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, কমিশনের চেয়ারম্যান আইনের যে বিশেষ বিধানের কথা বলেছেন সেই ধরনের কোনো বিধান পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি আইন-২০০১-এ নেই। পার্বত্যচুক্তির সঙ্গে পার্বত্য ভূমি কমিশন আইনের বিরোধাত্মক ধারা সংশোধনের কাজ চলছে। বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ একমত হয়েছে। সেটা পার্বত্যচুক্তি বাস্তবায়ন কমিটির সভায়ও সিদ্ধান্ত হয়েছে। এই অবস্থায় একতরফাভাবে শুনানি গ্রহণ উদ্দেশ্যপ্রণোদিত, আইনবহির্ভূত ও অগণতান্ত্রিক।সড়ক অবরোধ পালিত: এদিকে ভূমি কমিশনের একতরফা শুনানি বাতিল ও পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবিতে গণতান্ত্রিক যুব ফোরামের ডাকা গতকালের সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলাকালে কোনো যানবাহন চলাচল করেনি। অফিস, আদালত ও শহর এলাকায় লোকজনের উপস্থিতি ছিল কম। এ সময় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় পুলিশ তিনটি ও র‌্যাব পাঁচটি গুলি ছুড়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গণতান্ত্রিক যুব ফোরামের কর্মী-সমর্থকেরা সকাল নয়টার দিকে খাগড়াছড়ি সদরের ফায়ার সার্ভিস এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। এরপর স্বনির্ভর এলাকায় অবরোধের চেষ্টাকালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলতি ও ইটপাটকেল নিক্ষেপ করে। তবে দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।