পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি আইন পাস করার দাবি
জাতীয় সংসদের চলতি অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধনী) আইন-২০১৩ পাস করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক পার্বত্য চট্টগ্রাম কমিশন। গতকাল রোববার প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে কমিশন বলেছে, আইনটি পাস না হলে পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের যে অঙ্গীকার ছিল তার বরখেলাপ হবে।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনটির সঙ্গে সংশ্লিষ্ট যে ১৩ দফা দাবি দিয়েছে, তা যাতে আইনে সঠিকভাবে যুক্ত করা হয়, সেটি নিশ্চিত করতে কমিশনের চিঠিতে দাবি করা হয়। কমিশন বলেছে, এসব দাবি আন্ত মন্ত্রণালয় সভায় ইতিমধ্যে গৃহীত হয়েছে।
পার্বত্য অঞ্চলে একের পর এক ভূমি বিরোধের ঘটনায় উদ্বেগ জানিয়ে কমিশনের চিঠিতে বলা হয়, ভূমি দখলের জন্য গত ৩ আগস্ট খাগড়াছড়ির তাইংদংয়ে আদিবাসীদের ৩০টি বাড়ি পুড়িয়ে ফেলা হয়।
চিঠিতে স্বাক্ষর করেন কমিশনের তিন কো-চেয়ারপারসন লর্ড এরিক অ্যাভুবেরি, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল ও এলসা স্ট্যামাটোপুলো। বিজ্ঞপ্তি।