কমিশনের চেয়ারম্যানসহ তিন সদস্যের সম্মতি পেলেই পাহাড়ের ভূমি বিরোধ নিয়ে যেকোনো আবেদনের নিষ্পত্তি করতে পারবে পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন। কমিশনের কার্যপরিধি স্পষ্ট ও বিস্তৃত করে এ-সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন (সংশোধন) ২০১৩’-এ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বর্তমান আইনে কোনো সিদ্ধান্তে আসতে কমিশনের সর্বসম্মতির প্রয়োজন হয় বা চেয়ারম্যানের সিদ্ধান্ত চূড়ান্ত বলে ধরা হয়। আইনটি সংশোধিত হলে ভূমি বিরোধ নিষ্পত্তিতে কমিশনের সর্বসম্মতি বা চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠের সমর্থন প্রয়োজন হবে। কমিশনের পাঁচ সদস্যের মধ্যে চেয়ারম্যানসহ তিনজনের সিদ্ধান্ত এক হলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। গতকাল বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে (গত ২৭ মে) এ আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। চূড়ান্ত অনুমোদনে তেমন পরিবর্তন আসেনি। তিনি জানান, পার্বত্য চুক্তিবিষয়ক আইন কার্যকর করতে আইন সংশোধন করা হয়েছে। আইনের সংশোধন নিয়ে পার্বত্য এলাকায় বিভিন্ন সংগঠনের অবরোধসহ নানা কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রতিটি বিষয় পর্যালোচনা করেই বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, যাঁরা পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন নিয়ে উদ্বিগ্ন, তাঁরা যদি আইনটি ভালোভাবে পর্যালোচনা করেন, তাহলে বুঝতে পারবেন, এ আইন পাহাড়ি-বাঙালি সবার জন্যই কল্যাণকর হবে। কারও ক্ষতির কারণ হবে না। ২০০৯ সালের জুলাই মাসে ভূমি কমিশন পুনর্গঠনের পর পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য জরিপ চালানোর উদ্যোগ নেওয়া হয়। তবে জনসংহতি সমিতিসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংগঠন, সুশীল সমাজ, তিনটি সার্কেলের প্রধানেরা (তিন রাজাসহ) এর বিরোধিতা করেন। এ ছাড়া বৈঠকে দেবোত্তর সম্পদ ব্যবস্থাপনা আইন, ২০১৩-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, দেবোত্তর সম্পত্তির ব্যবস্থাপনায় অবহেলার জন্য পাঁচ হাজার টাকা জরিমানা বা এক বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এ ছাড়া দেবোত্তর সম্পত্তির ব্যাপারে ভুল বা মিথ্যা তথ্য দিলে ৫০ হাজার টাকা জরিমানা বা এক বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
চার বিষয়ে অবহিতকরণ: গত ফেব্রুয়ারি মাসে সৌদি আরবে বাংলাদেশ-সৌদি আরব যৌথ কমিশনের দশম সভা, এপ্রিলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের তুরস্ক সফর, মে মাসে ইরানে এশিয়া কো-অপারেশন ডায়ালগ: মিনিস্ট্রিয়াল মিটিং অন কালচারাল কো-অপারেশনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর অংশগ্রহণ এবং এপ্রিলে কানাডায় প্যাসিফিক এনার্জি সামিট ২০১৩-এ বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে গতকাল মন্ত্রিসভাকে অবহিত করা হয়।