পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধিত আইন গ্রহণযোগ্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধিত আইন গ্রহণযোগ্য নয়। পার্বত্য চুক্তির সঙ্গে বিরোধাত্মকভাবে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১ পাস করে সরকার একবার ভুল করেছিল। এখন ওই আইনের ১৩ দফা সংশোধনী যথাযথভাবে প্রতিস্থাপন না করে সংসদে বিল উত্থাপন করে আবার নতুন ভুলের জন্ম দিতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধিত) আইন, ২০১৩-এর ওপর প্রতিক্রিয়া জানাতে এবং আইনটির ১৩ দফা যথাযথভাবে প্রতিস্থাপন করে সংসদে পাস করার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সন্তু লারমা এসব কথা বলেন।পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জনসংহতি সমিতি যৌথভাবে রাঙামাটি শহরের আঞ্চলিক পরিষদ সভাকক্ষে এই সম্মেলনের আয়োজন করে। গত ২৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১-এর সংশোধনী নীতিগতভাবে অনুমোদন এবং ৩ জুন চূড়ান্ত অনুমোদন লাভ করে। গত রোববার বিলটি জাতীয় সংসদে তোলা হয়।সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধানে পার্বত্য চুক্তির সঙ্গে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১-এর বিরোধাত্মক ধারাগুলো সংশোধনের কোনো বিকল্প নেই। তিনি অভিযোগ করেন, সরকার পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন জাতীয় সংসদে উত্থাপনে ২০০১ সালের মতো ২০১৩ সালেও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন লংঘন করেছে। আঞ্চলিক পরিষদ আইনের ৫৩ ধারায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ে কোনো আইন জাতীয় সংসদে উত্থাপনের আগে আঞ্চলিক পষিদের সঙ্গে পরামর্শ করা বাধ্যতামূলক। সন্তু লারমা বলেন, প্রস্তাবিত সংশোধনীর বিভিন্ন ধারা থেকে অনেক শব্দ বাদ দেওয়া হয়েছে। এতে ভূমি সমস্যা সমাধানে সরকারের অসদিচ্ছার প্রতিফলন ঘটেছে। পার্বত্য ভূমি কমিশন সংশোধিত আইনে ১৩ দফা সংশোধনী যথাযথভাবে প্রতিস্থাপনসহ পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে সন্তু লারমা আহ্বান জানান।সংবাদ সম্মেলনে আঞ্চলিক পরিষদের সদস্য ঊষাতন তালুকদার ও হ্লে কুমার চাকমা, জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমাসহ জনসংহতি সমিতি ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।