পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের গণবিজ্ঞপ্তির প্রতিবাদ
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের গণবিজ্ঞপ্তি জারির প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সংগঠন দুটি গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার পৃথক বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানায়। তাদের ভাষ্যমতে, গণবিজ্ঞপ্তি জারির ফলে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের ভূমি সমস্যা সমাধানের পরিবর্তে আরও জটিল হবে।জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দরখাস্ত দাখিলের পদ্ধতি বা নিয়মাবলি নির্ধারণ ছাড়া ভূমি কমিশনের চেয়ারম্যানের একতরফা গণবিজ্ঞপ্তি জারি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সুপারিশ করা সংশোধনী প্রস্তাব অনুসারে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ সংশোধন এবং পদ্ধতিগতভাবে ভূমি কমিশনের আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে যথাযথ পদ্ধতিতে পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। এদিকে ভূমি বিরোধ নিষ্পত্তির আগে আদিবাসীদের প্রথাগত অধিকারের স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে ইউপিডিএফ।