পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন, ২০১৬ ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে তিন পার্বত্য জেলায় দীর্ঘ প্রায় দেড় দশক ধরে ভূমি নিয়ে চলমান বিরোধের নিষ্পত্তি হবে বলে সরকার আশা করছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামে ভূমিবিরোধ নিয়ে পাঁচ সহস্রাধিক মামলার স্তূপ জমে আছে।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে সংশোধনীর বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, সংসদ যেহেতু দুই মাস পরে বসবে, তাই জরুরি বিবেচনায় এটাকে অধ্যাদেশ আকারে জারির সিদ্ধান্ত হয়েছে।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সূত্র বলেছে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে আইনটিতে ২৩টি সংশোধনীর প্রস্তাব পাঠানো হয়। এরপর সেগুলো পর্যালোচনা করে পারস্পরিক আলাপ-আলোচনার ভিত্তিতে ১৪টি সংশোধনী অনুমোদন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আগে পাঁচ সদস্যের কমিশন কোনো বিরোধ নিষ্পত্তি করতে না পারলে কমিশনের চেয়ারম্যানের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হতো। কিন্তু সংশোধনীর ফলে পাঁচ সদস্যের কমিশনে চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
আইনের সংশোধনীতে একটি নতুন ধারা সংযুক্ত করে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের দপ্তরে সচিব বা অন্যান্য পদে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অগ্রাধিকার দিতে হবে। সে ক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা অগ্রাধিকার পাবেন। আইনের আওতায় কমিশনের প্রধান কার্যালয় খাগড়াছড়ি থাকলেও যেকোনো স্থানে শাখা অফিস করা যাবে। বৈঠক শেষে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রথম আলোসহ চারটি পত্রিকার সাংবাদিকদের বলেন, এ সংশোধনীর ফলে পার্বত্য এলাকায় ভূমিবিরোধ নিয়ে যে অচলাবস্থা ছিল, তা নিরসন হবে। তিনি বলেন, শিগগিরই এটি অধ্যাদেশ আকারে জারি হবে এবং আইনের আওতায় নীতিমালা প্রণয়ন করে পার্বত্য চট্টগ্রামে ভূমি-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শুরু হবে।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চুক্তির মাধ্যমে পাহাড়ে কয়েক দশকের সংঘাতের অবসান ঘটে। সেই চুক্তি অনুযায়ী পাহাড়ের ভূমির অধিকার নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ২০০১ সালে এই কমিশন গঠন করা হয়। তবে কমিশনের চেয়ারম্যানের হাতে একক সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা থাকায় ওই কমিশন কার্যকর হচ্ছিল না বলে অভিযোগ করে আসছিল পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। ২০১৫ সালের ৯ জানুয়ারি চট্টগ্রাম সার্কিট হাউসে জনসংহতি সমিতি এবং সরকারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পরিপ্রেক্ষিতে যে সমঝোতা হয়, তার আলোকে মন্ত্রিসভায় আইনের এই সংশোধনী অনুমোদন দেওয়া হয়।
কোরাম প্রসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, পাঁচ সদস্যের কমিশন বৈঠকে বিদ্যমান আইনে চেয়ারম্যানসহ তিনজন হলে কোরাম হতো। সংশোধিত প্রস্তাবে চেয়ার-ম্যানসহ চার সদস্য উপস্থিত হলেই কোরাম হবে।
সংশোধনী অনুযায়ী, কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র ও বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রের বাইরে অধিগ্রহণ করা জমির মধ্যে পানি শুকালে যে জমি ভেসে ওঠে এবং যেখানে পাহাড় ও টিলা রয়েছে, তা ভূমি কমিশনের আওতায় আসবে।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ যেসব বিষয় চেয়েছিল, আলাপ-আলোচনা সাপেক্ষে সেগুলো দেওয়া হয়েছে। আইনের আলোকে খুব শিগগির বিধি প্রণয়ন করে কাজ শুরু করা হবে এবং আশা করা যায়, বিদ্যমান অচলাবস্থা কেটে যাবে।
গতকালের বৈঠকে জাতীয় ই-সেবা আইন, ২০১৫-এর খসড়ার বিষয়ে মন্ত্রিসভায় ইতিপূর্বে নেওয়া সিদ্ধান্তও বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ই-সেবাটা ছোট পরিসরের আইন হয়ে যায়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, তারা বড় আইন করবে, যার নাম হবে ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার অ্যাক্ট (এনইএএ)। এই আইনের মধ্যে সবকিছু আসবে। ই-সেবাও এর মধ্যে আসবে। এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘মিশন স্টেটমেন্ট’ প্রণয়নের বিষয়ে মন্ত্রিসভায় ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব’ গতকাল বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।