পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেছেন, ভূমি কমিশনের আইনানুযায়ী কমিশন পার্বত্য চট্টগ্রামে ভূমিবিরোধ নিষ্পত্তির কাজ শুরু করবে। পার্বত্য চট্টগ্রামে ভূমি জরিপ ছাড়া ভূমি সমস্যার প্রকৃত সমাধান হবে না। গতকাল সোমবার ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যালয়ে এক বৈঠক শেষে খাদেমুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। এটি ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের ১৫তম বৈঠক।বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নজরুল ইসলাম ও পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব আবদুল হামিদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ভূমি কমিশনের চেয়ারম্যান বলেন, জরিপ হোক বা না হোক, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন বসে থাকবে না। ভূমি কমিশন তিন বছর মেয়াদের জন্য গঠিত হয়েছে। গঠন হওয়ার পর থেকে নানা কারণে কমিশন তার কাজের গতি বাড়াতে পারেনি।যে চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন গঠন করা হয়েছিল সেই চুক্তিতে স্বাক্ষরকারী আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বা তাঁর প্রতিনিধিসহ তিন সার্কেলের প্রধানেরা বৈঠকে অনুপস্থিত ছিলেন।পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ২০০৯ সালের ২৯ জুলাই চেয়ারম্যান হিসেবে যোগ দেন। তিনি ঘোষণা দেন, ভূমিবিরোধ নিষ্পত্তি করতে হলে আগে ভূমি জরিপ করতে হবে। চেয়ারম্যানের এ ঘোষণার বিরোধিতা করেন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা ও তিন সার্কেলের প্রধানেরা। গত বছর ২৭ ডিসেম্বর সংসদের উপনেতা ও পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৈয়দা সাজেদা চৌধুরীর পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের বিচারের কার্যক্রম উদ্বোধন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়।