পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের সভায় জরিপ শুরুর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরী বলেছেন, পার্বত্য অঞ্চলে ভূমি জরিপ ছাড়া ভূমির প্রকৃতি ও প্রকৃত অবস্থান নির্ধারণ এবং সুষ্ঠুভাবে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হবে না। এ জন্য কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের অবিলম্বে ভূমি জরিপ শুরু করা উচিত। গতকাল সোমবার বান্দরবানে কমিশনের এক সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৌজার হেডম্যান, পাড়ার কার্বারি ও স্থানীয় সাংবাদিকসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন। এর আগে ভূমিবিরোধ সম্পর্কে দরখাস্ত সহকারে আবেদনের বিষয়টি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে শোভাযাত্রা ও গণবিজ্ঞপ্তি বিতরণ করা হয়েছে। শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, হেডম্যান ও কার্বারিরা ছাড়া সাধারণ মানুষ অংশ নেয়নি।আইন সংশোধনের অপেক্ষায় বসে না থেকে কমিশন কাজ করে যাবে উল্লেখ করে খাদেমুল ইসলাম বলেন, কমিশন আইন ও পার্বত্য চুক্তিতে কমিশনের কাজ সুস্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থীদের ভূমি উদ্ধার, পার্বত্য অঞ্চলের বিদ্যমান আইন উপেক্ষা করে দেওয়া বন্দোবস্ত বাতিল এবং ক্ষতিগ্রস্তদের ভূমি ফিরিয়ে দেওয়ার বিষয়গুলোই দ্রুত নিষ্পত্তি করা হবে। এ ছাড়া কমিশন সাধারণ আদালতে বিচারযোগ্য কোনো বিষয়ে কাজ করবে না।সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বা সরকারি কর্মকর্তা ছাড়া গুরুত্বপূর্ণ সদস্যদের অংশগ্রহণ না করার বিষয়টি উল্লেখ খাদেমুল ইসলাম বলেন, কমিশনের সদস্যরা সবাই সরকারি গুরুত্বপূর্ণ পদে থেকে, সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করেও সভায় অংশগ্রহণ না করলে সেটা তাঁদের দায়িত্বে অবহেলার শামিল।