পার্বত্য মন্ত্রণালয়ের সচিবকে অপসারণের দাবিতে বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে অপসারণ ও বাঙালি অধ্যুষিত গুচ্ছগ্রামে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবিতে গতকাল রোববার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি দলপতি পরিষদ। এলাকাবাসী জানান, ওই দুটি সংগঠন বেলা ১১টার দিকে খাগড়াছড়ি আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাপলা চত্বর ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচি পালনের সময় বক্তব্য দেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল মজিদ, মাসুদ রানা, মো. মাঈন উদ্দিন, মোস্তফা কামাল, ফজলুল হক প্রমুখ। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের পরিপূর্ণ ভূমি অধিকার দিতে হবে। নিরাপত্তার নামে বাঙালিদের গুচ্ছগ্রামে বন্দী করে রাখা হয়েছে। বাঙালিদের স্বার্থ নিয়ে কোনো আন্দোলন হলে তার বাধা হয়ে দাঁড়াচ্ছেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। কর্মসূচি চলাকালে একটি প্রচারপত্র বিলি করা হয়। প্রচারপত্রে ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রামে ভূমি বন্দোবস্ত বন্ধ রাখা, সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা ও খাগড়াছড়ি জেলা প্রশাসককে পার্বত্য মন্ত্রণালয়ের যাবতীয় কাজ থেকে বিরত রাখা, তিন পার্বত্য জেলা পরিষদে বাঙালিদের জন্য ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি করা, পার্বত্য অঞ্চলে সেনা ছাউনি বৃদ্ধি করা।