পার্বত্য লোকজ মেলা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন বিভাগ পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরের ব্যাপারে কোনো বিতর্ক ও বিভ্রান্তি নেই। জেলা পরিষদগুলো থেকে যেভাবে চাওয়া হয়েছে, সেভাবে হস্তান্তর করা হয়েছে।
গতকাল শনিবার বান্দরবান জেলা শহরতলির পর্যটন কেন্দ্র নীলাচলে কিউট-চ্যানেল আই পার্বত্য লোকজ মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন।
সম্প্রতি পর্যটনের অবকাঠামো, জনবল ও জনবলের নিয়োগ, বেতন-ভাতা হস্তান্তর না করে তিন পার্বত্য জেলা পরিষদে পর্যটন বিভাগ হস্তান্তর করায় সরকারের পার্বত্যচুক্তি বাস্তবায়নের আন্তরিকতা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
গতকাল বেলা ১১টা ১০ মিনিটে লোকজ মেলার উদ্বোধনী পর্ব শুরু হয়। এতে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আইয়ের পরিচালকমণ্ডলী ছাড়াও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যসাপ্রু মার্মা, বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইশরাত জামান, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
উপস্থাপক ফারজানা ব্রাউনিয়ার ভাঙা ভাঙা গলায় ‘নচাং যেবার এ জাগান ছাড়ি’ (যেতে চাই না এ জায়গা ছেড়ে) চাকমা গানের একটি লাইন উচ্চারণে লোকজ মেলা উপস্থাপনা শুরু করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে মার্মা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যা, চাকমা, খুমি, খিয়াং, চাক, বম, লুসাই, পাংখুয়া ও বাঙালি তরুণ-তরুণীরা নৃত্য ও গান পরিবেশন করেন।
প্রধান অতিথি রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন করপোরেশন ও ট্যুরিজম বোর্ড সুন্দর বাংলাদেশ (বিউটিফুল বাংলাদেশ) মূল প্রতিপাদ্য নিয়ে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য উদ্যোগ নিয়েছে। পর্যটনশিল্প অচিরেই জাতীয় প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পার্বত্য আঞ্চলিক ও তিন পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামেও পর্যটন উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।