সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসবের উদ্বোধন
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন আমাদের দায়িত্ব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি বজায় এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নে তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।প্রধানমন্ত্রী গতকাল রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অংশগ্রহণে পঞ্চম সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব-২০১১ উদ্বোধন করেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। চুক্তিটি যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই আমরা এটি বাস্তবায়ন করব।’শেখ হাসিনা বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন নিয়ে কোনো সংশয় থাকা উচিত নয়। আমরা এ ক্ষেত্রে সবার সহযোগিতা চাই।’ ইউএনডিপির অধীন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন ফ্যাসিলিটি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এ উৎসবের আয়োজন করে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে বাংলাদেশে ইউরোপীয় ডেলিগেশনের প্রধান উইলিয়াম হান্না, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নিল ওয়াকার ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নবকিশোর ত্রিপুরা অনুষ্ঠানে বক্তব্য দেন।শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার এসব প্রকল্প বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শান্তিচুক্তির অধিকাংশ ধারাই ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। চুক্তির বাকি ধারা বাস্তবায়ন করতে সরকার পদক্ষেপ নিয়েছে।প্রধানমন্ত্রী বলেন, শান্তিচুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক কাউন্সিল এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন গঠন করা হয়েছে। তিনি বলেন, পার্বত্যাঞ্চলের লোক সরকারি চাকরি পেতে পারে, এ ক্ষেত্রে তাদের জন্য বিভিন্ন নীতি ও আইন শিথিল করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হয়েছে। বর্তমান সরকার এ দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যও লালন করছে।