বান্দরবান হেডম্যান অ্যাসোসিয়েশনের নেতারা বলেছেন, আদিবাসীদের সামাজিক ন্যায্যতা ও জনশৃঙ্খলা রক্ষা করতে রাজা বা সার্কেল চিফ, পার্বত্য অঞ্চলের হেডম্যান-কার্বারিদের ঐতিহ্যগত সামাজিক প্রশাসন কাঠামোকে আরও ক্ষমতায়ন করা দরকার। এ জন্য পার্বত্য জেলা পরিষদ আইনের সঙ্গে সংগতিপূর্ণ করে ১৯০০ সালের পার্বত্য শাসনবিধির প্রয়োজনীয় সংশোধন ও পরিষদ আইনের বিধি প্রণয়ণ করা জরুরি।গতকাল বৃহস্পতিবার জেলা শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হেডম্যান (মৌজা-প্রধান) নেতারা এসব কথা বলেন। রাজপুণ্যাহর সময় হেডম্যান অ্যাসোসিয়েশনের পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটির কর্মকাণ্ড ও দায়িত্ব সম্পর্কে তুলে ধরতে এ সম্মেলনের আয়োজন করা হয়। আহ্বায়ক ক্যশৈঅং মারমা লিখিত বক্তব্য উপস্থাপন করেন। আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব হ্লাফসু মারমা, নির্বাহী সদস্য রাংলাই ম্রো, মহিলা হেডম্যান সানুচিং মারমা প্রমুখ।প্রসঙ্গত পার্বত্য চট্টগ্রামে সার্কেল চিফ বা রাজার নেতৃত্বে মৌজা-প্রধান হেডম্যান ও পাড়াপ্রধান কার্বারিদের ঐতিহ্যগত প্রশাসন চলে ১৯০০ সালের পার্বত্য শাসনবিধি অনুযায়ী। তাঁরা আদিবাসীদের সামাজিক বা পারিবারিক আদালতের বিচার, প্রথাগত ভূমি-ব্যবস্থাপনা, ভূমি রাজস্ব আদায়, সামাজিক শৃঙ্খলা ও শান্তি রক্ষাসহ বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন।হেডম্যান নেতারা বলেন, ১৯৯৮ সালের সংশোধিত পার্বত্য জেলা পরিষদ আইনে ১৯০০ সালের পার্বত্য শাসনবিধি একীভূত (ইনকরপোরেট) করা হলেও কিছু কিছু ক্ষেত্রে অসংগতিপূর্ণ রয়েছে। এ জন্য জেলা পরিষদ আইনের বিধি প্রণয়ন ও পরিষদ আইনের সঙ্গে সংগতিপূর্ণ করে সংশোধন করা হলে পার্বত্য শাসনবিধিও সময়ের সঙ্গে সংগতিপূর্ণ হবে। এতে করে রাজা, হেডম্যান ও কার্বারিদের ক্ষমতায়ন হবে এবং তাঁদের কর্মকাণ্ডে আরও গতিশীলতা আসবে।হেডম্যান নেতারা পার্বত্য শাসনবিধি অনুযায়ী নিজেদের অবৈতনিক হাকিম (অনারারি ম্যাজিস্ট্রেট) দাবি করে বলেন, বিচারিক ক্ষমতাবলে তাঁরা প্রথাগত আইনে আদিবাসীদের সামাজিক বিচার করে থাকেন। সে জন্য বিচার বিভাগের সঙ্গে বিশেষ করে বিচার বিভাগের আদালতের সঙ্গে রাজা, হেডম্যান ও কার্বারির আদালতের সমন্বয় করতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বান্দরবান বোমাং সার্কেলে ১০৯টি মৌজায় ১০৯ জন হেডম্যান ও আট শতাধিক কার্বারি রয়েছে।