পার্বত্যচুক্তি নিয়ে আমার চাওয়া-পাওয়াটা এখন গৌণ: সন্তু লারমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, ‘পার্বত্যচুক্তি নিয়ে আমার চাওয়া-পাওয়াটা এখন গৌণ। চুক্তি বাস্তবায়ন নিয়ে আমাদের (জনসংহতি সমিতি) যা করার তার সবকিছু করেছি।’ গতকাল বৃহস্পতিবার সকালে সফররত পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি) সদস্যদের সঙ্গে আঞ্চলিক পরিষদ সভাকক্ষে প্রায় দুই ঘণ্টা স্থায়ী রুদ্ধদ্বার আলোচনার পর সন্তু লারমা সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। পার্বত্যচুক্তি বাস্তবায়ন বিষয়ে সরকারের আন্তরিকতার বিষয়ে প্রশ্ন করা হলে সন্তু লারমা বলেন, ‘আন্তরিকতা’ শব্দটি সরকারের ভাষা। সরকার কোনো দিন অ-আন্তরিক বলে না। চুক্তি বাস্তবায়ন বিষয়ে সরকারকে প্রশ্ন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘চুক্তিতে আমাদের যা কিছু করার ছিল, ওই সময়েই আমরা তা ঠিকভাবে বাস্তবায়ন করেছি। চুক্তিতে এখনো পর্যন্ত যা কিছু অবাস্তবায়িত আছে, তার সবকিছু সরকারের কর্তব্য। সেগুলো বাস্তবায়নে সরকারকেই মূল ভূমিকা রাখতে হবে। আমার দেখতে পাচ্ছি, সরকার এখনো পর্যন্ত সে ভূমিকা রাখছে না।’পার্বত্য চট্টগ্রামে গত দুই দিনের সফরের অভিজ্ঞতা বিষয়ে প্রশ্ন করা হলে সিএইচটি কমিশনের কো-চেয়ার সুলতানা কামাল বলেন, বাস্তবে অন্যান্য পরিস্থিতি যা-ই হোক না কেন, এখানে যারা বসবাস করে আদিবাসী-বাঙালি সবাই চায় চুক্তি বাস্তবায়ন হোক। প্রয়োজনে চুক্তির সংযোজন-বিয়োজন করে হলেও। কমিশনের উদ্দেশ্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনের কাজ হলো পার্বত্যচুক্তি বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করা। চুক্তি বাস্তবায়নে কী কী বাধা আছে, সেগুলো চিহ্নিত করে সরকারকে পরামর্শ দেওয়া। তবে এটি কোনো রায় নয়, কমিশন কোনো ট্রাইব্যুনালও নয়।কমিশনের সদস্য স্বপন আদনান বলেন, পার্বত্য চট্টগ্রামের অন্যতম জটিল সমস্যা ভূমি সমস্যা। তবে সেটা পার্বত্যচুক্তির বাইরে নয়। পার্বত্যচুক্তি বাস্তবায়িত হলে ভূমি সমস্যারও সমাধান হবে।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের অপর কো-চেয়ার এলসা স্টেমাতোপৌলি এবং সদস্য সারা হোসেন, এনেকা আরেন্স, সমন্বয়কারী হানা শামস আহমেদ।এর আগে খাগড়াছড়ি থেকে রাঙামাটি আসার পথে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বগাছড়িতে বাঙালিরা কমিশনের সদস্যদের বহনকারী গাড়িগুলো থামান। পরে কমিশন সদস্যরা তাদের সঙ্গে অনির্ধারিত আলোচনা করেন। এ সময় বাঙালিরা কমিশন সদস্যদের কাছে আদিবাসীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন বলে জানা গেছে।