জনসংহতি সমিতির নেতারা বলেছেন, আন্দোলনের মাধ্যমে সরকারকে পার্বত্যচুক্তি বাস্তবায়নে বাধ্য করা হবে।
গতকাল মঙ্গলবার পার্বত্যচুক্তির ১৭ বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটির রাজবাড়ি এলাকার কুমার সমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে তাঁরা এ কথা বলেন। জনসংহতি সমিতির রাঙামাটি জেলা সভাপতি গুণেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা বলেন, ‘অনেক রক্তক্ষয় ও ত্যাগ তিতিক্ষার পর সরকারকে চুক্তিতে উপনীত হতে বাধ্য করেছিলাম। এ রক্ত বৃথা যাবে, যদি চুক্তি বাস্তবায়িত না হয়।’
তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, ‘সরকার চুক্তি বাস্তবায়ন সম্পর্কে মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা অসহযোগ আন্দোলন চালিয়ে সরকারকে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে বাধ্য করব।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আলী আকবর চৌধুরী বলেন, ‘চুক্তির আংশিক বাস্তবায়ন বলতে কোনো কিছু থাকতে পারে না। দুই পক্ষই চুক্তির প্রতিটি শব্দ, বাক্য বুঝে-শুনে সই করেছে। তা বাস্তবায়নে কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকা উচিত নয়।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের প্রভাষক মো. মহিউদ্দিন, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, সাংস্কৃতিক কর্মী শিশির চাকমা, জনসংহতি সমিতির স্টাফ সদস্য উদয়ন ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি বাচ্চু চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রিমিতা চাকমা।
সমাবেশ শেষে জনসংহতি সমিতি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা: খাগড়াছড়ি প্রতিনিধি জানান, পার্বত্যচুক্তির ১৭ বছর পূর্তি উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) আয়োজিত মিছিলে পুলিশ বাধা দিয়েছে।
জনসংহতি সমিতির দাবি, প্রশাসনের কাছ থেকে বিক্ষোভ মিছিলের অনুমতি নেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, বিক্ষোভ মিছিলের কোনো অনুমতি ছিল না।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) নেতা-কর্মীরা খাগড়াছড়ি শহরের মহাজনপাড়ায় এম এন লারমার ভাস্কর্যের সামনে থেকে গতকাল বেলা ১১টায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলেজ সড়কের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। বিক্ষোভকারীরা পুলিশের বাধা অতিক্রম করে শাপলা চত্বরের দিকে এগিয়ে যায়। পরে পুলিশ পৌরসভা কার্যালয়ের পাশে সেতুর সামনে আবারও বাধা দেয়। সেখান থেকে বিক্ষোভকারীরা ফিরে এসে মহাজনপাড়ার সূর্যশিখা ক্লাবের মাঠে সমাবেশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের বাধার মুখে মিছিলটি ফিরে আসার সময় বিক্ষোভকারীরা একটি মাইক্রোবাস ও একটি বাসের কাচ ভেঙে দেন। তবে সংগঠনের নেতারা কাচ ভাঙচুরের কথা অস্বীকার করেছেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জনসংহতি সমিতির (এমএন লারমা) সভাপতি সুধাসিন্ধু খীসা।
খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, বিক্ষোভ মিছিলের অনুমতি না থাকায় পুলিশ বাধা দিয়েছে। তবে সমাবেশে কোনো বাধা দেওয়া হয়নি।