পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন ছাড়া জাতীয় অস্তিত্ব রক্ষা এবং রাজনৈতিক ও প্রশাসনিক অধিকার আদায় সম্ভব নয়। পার্বত্য চুক্তি বাস্তবায়নে মৌজাপ্রধান হেডম্যানদের ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল বুধবার রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত তিন পার্বত্য জেলার হেডম্যানদের প্রথম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক ও খাগড়াছড়ি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।পার্বত্য চট্টগ্রামের সার্কেলপ্রধান (রাজা) ও মৌজাপ্রধান হেডম্যানদের আদিবাসীদের জাতীয় ঐক্যের প্রতীক বলে উল্লেখ করে সন্তু লারমা আরও বলেন, ঐতিহ্যবাহী এসব নেতার গণতান্ত্রিক, প্রগতিশীল ও জাতীয়তাবাদী চেতনার ধারক-বাহক হতে হবে।সন্তু লারমা বলেন, সামাজিক শৃঙ্খলা রক্ষা, ভূমি ব্যবস্থাপনা, বন ও পরিবেশ সংরক্ষণে হেডম্যানরা পার্বত্য চট্টগ্রামের প্রশাসনকে গুরুত্বপূর্ণ সহযোগিতা দিয়ে এলেও রাষ্ট্রীয়ভাবে তাঁদের মূল্যায়ন করা হয় না। পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় তিনি নিজেসহ হেডম্যান ও অন্যরা স্ব-স্ব দায়িত্ব এগিয়ে নিতে পারছেন না।অনেক সরকারি দলের নেতা ও সরকারি কর্মকর্তা চুক্তির অধিকাংশ বাস্তবায়িত হয়েছে বলে বক্তব্য দেন। তাঁদের সমালোচনা করে সন্তু লারমা বলেন, ‘পার্বত্য চুক্তির গুরুত্বপূর্ণ অধিকাংশ বিষয় বাস্তবায়িত হয়নি। কাজে না হলে এসব বক্তব্য আমরা কীভাবে বিশ্বাস করব। আমি বুকের যন্ত্রণা থেকে বলছি, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগসহ কোনো দল আমাদের অস্তিত্ব স্বীকার করে না। সে কারণে চুক্তি বাস্তবায়নে তাদের আগ্রহ নেই। চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে এখন অশান্ত ও অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে।’সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সভাপতি রাংলাই ম্রোর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, হেডম্যানরা রাজনৈতিক মতাদর্শে ভিন্ন হতে পারেন। কিন্তু নিজেদের অস্তিত্ব রক্ষা, দক্ষতা অর্জন ও শান্তিপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী দেশের অন্যান্য জেলার তুলনায় পার্বত্য চট্টগ্রামে চুরি, ডাকাতিসহ অপরাধ প্রবণতা কম থাকার কথা উল্লেখ করে বলেন, হেডম্যানদের এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হেডম্যান প্রথার উৎপত্তির পর থেকে ভূমি ও বনজ সম্পদ ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষায় ঐতিহ্যবাহী সামাজিক নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। অথচ তাঁরা যথাযথ সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না তা দেখা দরকার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের (সিএইচটিডিএফ) প্রধান বাস্তবায়ন কর্মকর্তা রবার্ট স্টলম্যান, আইএলওর জাতীয় সমন্বয়কারী অভিলাষ ত্রিপুরা, খাগড়াছড়ি হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি শক্তিপদ ত্রিপুরা ও নারী হেডম্যান আনাউ মারমা। তিন পার্বত্য জেলার ৩৫০ জনের বেশি হেডম্যান, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি সম্মেলনে অংশ নেন।সম্মেলন উপলক্ষে প্রচারিত প্রচারপত্রে হেডম্যানদের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রামের প্রথাগত ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি, উন্নয়ন কর্মকাণ্ডে মৌজাপ্রধানসহ প্রথাগত নেতাদের অংশগ্রহণ নিশ্চিত করা, মৌজাপ্রধানদের ভাতা সাত হাজার ও গ্রামপ্রধানদের ভাতা তিন হাজার টাকা করা এবং তিন জেলায় তিনটি হেডম্যান অ্যাসোসিয়েশনের কার্যালয় স্থাপন, হেডম্যান কার্যালয়ে একজন করে অফিস সহকারী নিয়োগ ও যাবতীয় সহায়তা দেওয়ার দাবি জানানো হয়েছে।