পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্যচুক্তি বাস্তবায়নে যুবসমাজের আন্দোলনমুখী ভূমিকার বিকল্প নেই। তাই যুবসমাজকে অধিকতর সচেতনতা নিয়ে এগিয়ে আসতে হবে। গতকাল সোমবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা শাখার আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এ আহ্বান জানান।রাঙামাটি পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির রাঙামাটি জেলা শাখার সভাপতি গুণেন্দু বিকাশ চাকমা। সন্তু লারমা আরও বলেন, আওয়ামী লীগের নেতারা নিজেদের পার্বত্যচুক্তি-বান্ধব বলে দাবি করলেও এ সরকারের সময়ে চুক্তির একটি ধারাও বাস্তবায়িত হয়নি। বরং চুক্তিবিরোধী সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়ে পাঁচ লাখ পুনর্বাসিত বাঙালির জবরদখল করা ভূমির মালিকানা দেওয়ার তৎপরতা চালানো হচ্ছে।সম্মেলনে আরও বক্তব্য দেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক উদয়ন ত্রিপুরা, জেলা যুববিষয়ক সম্পাদক পলাশ তঞ্চঙ্গ্যা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভপতি জ্যোতিষ্মান চাকমা প্রমুখ।জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, আজ মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা কমিটি গঠন করা হবে।