পার্বত্যচুক্তি বাস্তবায়নের দাবিতে অনশন
পার্বত্যচুক্তি পুরোপুরি বাস্তবায়নের দাবিতে আজ বৃহস্পতিবার প্রতীকী অনশন করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজ। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ডাকে রাঙামাটি শহরের রাজবাড়ি সড়কমুখে চলছে এই কর্মসূচি।
জাতীয় সংগীতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয় সকাল ১০টার দিকে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এতে অংশ নিচ্ছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন মানিক লাল দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গণপূর্ত বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী জগৎ জ্যোতি চাকমা, মংসানু চৌধুরী, সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ানসহ তিন পার্বত্য জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং বিভিন্ন বয়সের নারী-পুরুষ।
কর্মসূচির শুরুতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, চুক্তি সইয়ের ১৭ বছর পার হয়েছে; কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি এর মৌলিক বিষয়গুলো। তবে সরকার বলছে, চুক্তির বেশির ভাগ বাস্তবায়ন হয়েছে। এ অবস্থায় অনেকেই বিভ্রান্ত।
তিনি আরও বলেন, পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও ভূমি সমস্যা সমাধানের বিকল্প নেই।
কর্মসূচির শুরু থেকে গণসংগীত পরিবেশন করছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন গিরিসুর শিল্পীগোষ্ঠী।