পার্বত্যদের নিয়ে সরকারের সিদ্ধান্তে এইচআরএফবির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের সঙ্গে সম্পর্কযুক্ত নাগরিকদের মৌলিক অধিকার নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্তে হিউম্যান রাইটস ফোরাম, বাংলাদেশ (এইচআরএফবি) জোরালো উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।
একই সঙ্গে অবিলম্বে এ ধরনের বিধি-নিষেধ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। আজ বুধবার ফোরামের আহ্বায়ক সুলতানা কামালের সই করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এইচআরএফবি হচ্ছে ১৯টি মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত ফোরাম।
গত ৭ জানুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, বিদেশি নাগরিক পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ করতে চাইলে অন্তত এক মাস আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির জন্য আবেদন করবেন এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার ইতিবাচক প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় অনুমতি দেবে। অনুমতি পাওয়া বিদে​শি নাগরিক সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা পুলিশ সুপারের কাছে তাঁদের ভ্রমণসূচি দাখিল করে ভ্রমণ করবেন। কূটনীতিকেরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমতি নিয়ে পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ করবেন।
ওই একই বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশি বা বিদেশি যেকোনো ব্যক্তি বা সংস্থা পার্বত্য অঞ্চলের আদিবাসীদের সঙ্গে দেখা বা বৈঠক করতে চাইলে স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনী বা বিজিবির উপস্থিতি নিশ্চিত করতে হবে। সভায় বলা হয়, বিজিবি বিওপি স্থাপনের জন্য বন বিভাগ থেকে জায়গা চাওয়া হলে সে বিষয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সহযোগিতা করবে।
এইচআরএফবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ ধরনের সিদ্ধান্ত পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জন্য অবমাননাকর, বৈষম্যমূলক এবং তাদেরসহ বাংলাদেশের সব নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকারের লঙ্ঘন। সরকারের এই সিদ্ধান্ত পার্বত্য চট্টগ্রামে ব্যক্তির সম্পত্তির অধিকার, মতপ্রকাশের, চলাফেরার, সংগঠন এবং সমাবেশের স্বাধীনতা নিয়ন্ত্রণে সরকারের একটি অংশের, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কঠোর মনোভাবের ইঙ্গিতবাহী। এই সিদ্ধান্ত পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের অঙ্গীকারকে পুনরায় প্রশ্নবিদ্ধ করছে। ফোরামের পক্ষ থেকে সরকারের এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।