পার্বত্যবাসীর অবস্থা সত্তরের দশকের মতো: সন্তু লারমা
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা বলেছেন, সত্তরের দশকে পার্বত্যবাসীর যেমন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, তেমনি পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন।
আজ সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি সন্তু লারমা।
সন্তু লারমা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের বিপরীতে অগণতান্ত্রিক ও জনবিরোধী উদ্যোগ বাস্তবায়িত হলে পাহাড়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।
সংবাদ সম্মেলনে পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়ন, পার্বত্য তিন জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদ নির্বাচন, অপারেশন উত্তরণসহ সব অস্থায়ী সেনা, আনসার ও ভিডিপি সদস্য প্রত্যাহারসহ ১৭ দফা দাবি তুলে ধরেন সন্তু লারমা।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বর্তমান অবস্থা, তিন পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন প্রণয়ন এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের সরকারি উদ্যোগের বিষয় তুলে ধরা হয়।
জেএসএস সভাপতি বলেন, মানুষের মৌলিক অধিকার যখন থাকে না, তখন তা প্রতিষ্ঠার জন্য মানুষ সবকিছুই করতে পারে। এমনকি নিজের জীবনও বলি দিতে পারে। তিনি বলেন, ‘আমি বারবার সরকারের কাছে পার্বত্য এলাকার পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু সরকার আমাদের মূল দাবিগুলো উপেক্ষা করে এবং ঝুলিয়ে রেখে একতরফাভাবে তিন পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন প্রণয়ন এবং রাঙামাটিতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে।’
সন্তু লারমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে মানুষের জীবন-যাপন সীমাবদ্ধ হয়ে পড়েছে। শাসকশ্রেণী পার্বত্য চট্টগ্রামে কী করতে চায়, সেটা সম্পর্কে আমরা অবগত। এর বিপরীতে গণতান্ত্রিক ধারায় আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। শাসকশ্রেণীর আকাঙ্ক্ষার বিপরীতে আমাদের অবস্থান। কেবল ঘোষণার মধ্যে নয়, নিরন্তর গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি বাস্তবায়নের চেষ্টা করব। পার্বত্য মানুষের অধিকার আদায়ে যা যা প্রয়োজন, জনসংহতি সমিতি তা করে যাবে।’
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জেএসএসের প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা। এতে উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জেএসএসের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা প্রমুখ।