পার্বত্যাঞ্চলে শিক্ষা স্বাস্থ্য কার্যক্রম বাড়াবে ইউএনডিপি
ইউএনডিপির এ দেশীয় পরিচালক স্টিফেন পিজনার গত বুধবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ডাকবাংলো কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি ইউএনডিপির অর্থায়নে পরিচালিত শিক্ষা, স্বাস্থ্য ও জনগোষ্ঠী ক্ষমতায়নের পৃথক পৃথক তিনটি প্রকল্পের খোঁজখবর নেন। গোটা পার্বত্যাঞ্চলে এসব প্রকল্পের কার্যক্রম সম্প্রসারণের আশ্বাস দেন তিনি।শিক্ষা প্রকল্প বিষয়ে অভিভাবকদের সঙ্গে আলাপকালে স্টিফেন পিজনার ইউএনডিপির বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন। এরপর স্টিফেন পিজনার ইউএনডিপির অর্থায়নে পরিচালিত বর্ণাল অহিদ মেম্বারপাড়া স্যাটেলাইট ক্লিনিক ও বদু মেম্বারপাড়ার জনগোষ্ঠী ক্ষমতায়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় পাড়া উন্নয়ন কমিটির সদস্য সখিনা বেগম বলেন, ‘ইউএনডিপির কার্যক্রম শুরু হওয়ার পর নারীদের সচেতনতা বেড়েছে। একসময় এ এলাকার নারীরা শুধু গৃহস্থালি কাজের মধ্যে আবদ্ধ থাকত। এখন পাড়ার নারীরা সাংসারিক কাজের পাশাপাশি ছেলেমেয়েদের শিক্ষা, স্বাস্থ্য, অধিকার বিষয়ে সচেতন হয়েছে। পরিবারের উন্নয়নে স্বামীর পাশাপাশি স্ত্রীরাও অংশগ্রহণ করছে।’