পার্লামেন্টে প্রস্তাব অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে গৃহীত নিন্দা প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হয়নি বলে মন্তব্য করেছেন পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম।
গতকাল শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে এক প্রশ্নের উত্তরে মুখপাত্র এ মন্তব্য করেন। বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে পাকিস্তানের অবস্থান কী, জানতে চাইলে তাসনিম আসলাম বলেন, ‘১৯৪৭ সালের আগে থেকেই পাকিস্তান ও বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহাসিক অংশীদারত্ব রয়েছে। দক্ষিণ এশিয়ার মুসলিম দেশ হিসেবে আমরা একসঙ্গে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছি। একাত্তর পর্যন্ত আমরা একসঙ্গে ছিলাম। বাংলাদেশে যা ঘটেছে, অবধারিতভাবে সেটা দেশটির অভ্যন্তরীণ বিষয়। পার্লামেন্টে কোনো প্রস্তাব গ্রহণ করা মানে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়।’
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এবং পার্লামেন্টে গৃহীত প্রস্তাবের মধ্যে পরস্পরবিরোধী অবস্থানের কারণ কী—সাংবাদিকেরা জানতে চাইলে এই মুখপাত্র বলেন, পার্লামেন্ট সার্বভৌম সংস্থা। এটি দেশের সর্বোচ্চ আইনসভা। পার্লামেন্ট সদস্যরা জনগণের মতামতের বহিঃপ্রকাশ ঘটান। কাজেই, যথোচিত মনে হলেই তাঁরা যেকোনো বিবৃতি দিতে পারেন। তবে এটি নিশ্চিত যে পার্লামেন্টের প্রস্তাবের উদ্দেশ্য হস্তক্ষেপ নয়। তিনি আরও বলেন, ‘১৯৭৪-এর পাকিস্তান, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তির আদর্শের ভিত্তিতে আমরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে চোখ রাখতে চাই।’
বাংলাদেশে পাকিস্তানের পতাকা ও নেতাদের কুশপুত্তলিকা দাহ করার বিষয়ে জানতে চাইলে তাসনিম আসলাম বলেন, ‘ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে একটি কূটনীতিক পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করছি। ঢাকায় বিক্ষোভের সময় সেখানকার লোকজন কী বক্তব্য দিয়েছেন, তা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। আমরা চাই না বিক্ষোভ সমাবেশ সম্পর্কে ব্যাখ্যাকে পাল্টা অভিযোগ হিসেবে মনে করা হোক। তবে ভ্রাতৃপ্রতিম ও বন্ধুপ্রতিম বাংলাদেশকে আমরা সাতচল্লিশের ত্রিপক্ষীয় চুক্তির অনুসরণে মীমাংসা ও আন্তরিকতার মূলনীতি মেনে চলার আহ্বান জানাই। আমরা বাংলাদেশের জনগণের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রযাত্রা কামনা করি।’