পার্লারে গিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার খোয়া
রাজধানীর ধানমন্ডির একটি বিউটি পার্লারে সাজতে গিয়ে গত বৃহস্পতিবার ২৫ ভরি স্বর্ণালংকার খোয়ালেন এক নারী। রিফাত মাহজাবীন নামের ওই নারী বলেন, এক আত্মীয়ের বিয়েতে যাওয়ার জন্য সাজতে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তিনি ধানমন্ডির ২৮ নম্বরে ‘হেয়ারোবিক্স ব্রাইডাল’ বিউটি পার্লারে যান। তাঁর হাতব্যাগে ২৫ ভরি স্বর্ণালংকার, ক্যামেরাসহ নগদ অর্থ ছিল। সন্ধ্যা ছয়টার দিকে শাড়ি ঠিকঠাক করার কথা বলে তাঁকে আরেকটি কক্ষে নিয়ে যাওয়া হয়। শাড়ি ঠিক করার পর ওই আসনে ফিরে দেখেন, তাঁর ব্যাগটি নেই। জিজ্ঞেস করলে পার্লারের মালিক তানজিনাসহ কর্মীরা জানেন না বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁদের আচরণে সন্দেহ হওয়ার পর তিনি ওই দিন রাতেই তানজিনাসহ পাঁচজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন। রিফাত অভিযোগ করেন, পুলিশ আসামিদের গ্রেপ্তার করলেও মামলার অগ্রগতি সম্পর্কে সুস্পষ্টভাবে কিছু জানাচ্ছে না। এরই মধ্যে তিনি শুনেছেন, তানজিনা জামিন নিয়েছেন। ওসি মনিরুজ্জামান বলেন, আসামিদের গ্রেপ্তার করে পুলিশ এক দিনের রিমান্ডে নেয়। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত নয় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। আসামিদের মধ্যে কারা জামিনে তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।