পাল আমলের মন্দিরে পাদপীঠ, পিলার ও চুলার সন্ধান
দিনাজপুরের ঘোড়াঘাটে সন্ধান পাওয়া পাল শাসন আমলের মন্দির থেকে একটি বেলে পাথরের পাদপীঠ (মূর্তি ও স্তম্ভ রাখার বস্তু), দুটি মৃৎপাত্র ও চুলা পাওয়া গেছে। ওই মন্দিরে খননকাজ চালানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের গবেষক দল এসব বস্তুর সন্ধান পায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক স্বাধীন সেন প্রথম আলোকে জানান, মন্দিরের দক্ষিণ পাশে স্থাপত্য দেয়ালের কাটা অংশের গর্তের মধ্যে বেলে পাথরের পাদপীঠটি পাওয়া যায়। পাদপীঠে সাধারণত মূর্তি ও বিভিন্ন ধরনের স্তম্ভ রাখা হয়। মন্দিরের পূর্ব দিকে স্থাপত্য কাঠামোর মধ্যে ১০ মিটার বাই ১০ মিটার বর্গাকার কক্ষের মধ্যে ইটের তৈরি এক মিটার বর্গাকারের একটি পিলার পাওয়া গেছে। এ ছাড়াও বহিঃপ্রাচীরের পশ্চিম দিকে দুটি মৃৎপাত্র পাওয়া গেছে। এর মধ্যে একটি মটকা (পানি ও খাদ্যদ্রব্য রাখার মাটির বড় পাত্র) অন্যটি কী দিয়ে বানানো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া পাঁচটি চুলা পাওয়া গেছে বলে স্বাধীন সেন জানান।