পাল সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাস্টের জমি বিক্রি ও লিজের অর্থ ভুয়া বিল-ভাউচারে আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে রাজধানীর রায়ের বাজার পাল সমিতি ট্রাস্টি বোর্ডের সভাপতি বিশ্বনাথ পাল ও সাধারণ সম্পাদক সুরেখন কুমার পালের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক আবদুস ছাত্তার সরকার আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলাটি করেন।
মামলায় সমিতির ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে ট্রাস্টের জমি বিক্রি ও লিজের ২ কোটি ৬০ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার কমিশনের সভায় তাঁদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়।
দুদক সূত্র জানায়, দুদকের উপপরিচালক আবদুস ছাত্তার প্রায় এক বছরেরও বেশি সময় ধরে রায়ের বাজার পাল সমিতি ট্রাস্টি বোর্ডের জমি বিক্রি ও লিজের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করেন। কয়েক দফায় তলবি নোটিশ পাঠিয়ে ৬৪ জনকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। শেষ পর্যন্ত সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলার সুপারিশসহ প্রতিবেদন জমা দেন তিনি।