পাল সম্প্রদায়ের মৃৎশিল্প ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা উপজেলায় গত শুক্রবার একদল যুবক সংখ্যালঘু পাল সম্প্রদায়ের মৃৎশিল্প ভাঙচুর করেছে। এতে কুমারপাড়ার ১৭-১৮টি পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে।
এলাকার লোকজন ও পুলিশ জানায়, শুক্রবার রাতে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. শাহীন ও তাঁর সহযোগী মেহেদী হাসানের নেতৃত্বে সাত-আটজন যুবক ওই গ্রামের পালপাড়ায় হামলা চালান। এ সময় কুমারপাড়ায় বেশ কিছু মৃৎশিল্প ভাঙচুর করা হয়। মাটির তৈরি জিনিসগুলো কুমারপাড়ার বিভিন্ন রাস্তার পাশে ও খোলা জায়গায় শুকানোর জন্য রাখা ছিল। খবর পেয়ে গ্রামের লোকজন ধাওয়া দিয়ে শাহীন ও মেহেদীকে আটক করেন। শাহীন উপজেলার উত্তর আটকরিয়া গ্রামের আনারুল ইসলামের ও মেহেদী একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় দুলাল চন্দ্র পাল বাদী হয়ে শাহীন ও মেহেদীসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন লোক অভিযোগ করেন, ওই দুই যুবককে আটক করলেও গ্রামে প্রভাবশালী ব্যক্তিরা তাঁদের মুক্ত করে নিয়ে যান।
বামুনিয়া পালপাড়া মৃৎশিল্প সমিতির সভাপতি নিত্যনন্দন পাল জানান, হামলা চালিয়ে নেপাল চন্দ্র, খট্টু পাল, ধীরেন্দ্র নাথ, নীরাঞ্জন, নিখিল, সুশীল চন্দ্র, বর্ধনাথ, নিত্যনন্দন, মনীন্দ্র, শ্যামল চন্দ্র, হীরেন্দ্র নাথ, নারায়ণ, জ্ঞানেন্দ্র চন্দ্র, সুশান্ত, ললিত চন্দ্র, রবীন্দ্র নাথ ও সঞ্জিত কুমার পালের মাটির তৈরি জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে।
এদিকে হামলার খবর পেয়ে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার মন্ডল, প্রশাসনের অন্য কর্মকর্তারা ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সোনাতলা শাখার সভাপতি সন্তোষ কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সোনাতলা থানার পরিদর্শক (তদন্ত) মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শাহীন ও মেহেদী—দুজনের বাবা একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত।