পালকিতে চড়ে শ্বশুরবাড়ি গেল কনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাক বাকুম পায়রা/ মাথায় দিয়ে টায়রা/ বউ সাজবে কালকি /চড়বে সোনার পালকি’—পালকিতে বউ নিয়ে যাওয়ার দৃশ্য এখন আর তেমন দেখা যায় না। কিন্তু গতকাল শুক্রবার রাজশাহী নগরে এমনই একটি বিয়ে দেখা গেছে। পালকিতে চড়ে শ্বশুরবাড়ি গেছে কনে।
তানোরের নড়িয়াল গ্রামের আইনুল হকের ছেলে প্রকৌশলী মাহবুবুল হকের সঙ্গে রাজশাহী নগরের রানীনগর এলাকার সৈয়দ আওরঙ্গজেবের মেয়ে সৈয়দা উম্মে তারানা তাসনীমের বিয়ে হয়েছে। নগরের একটি কমিউনিটি
সেন্টারে এ বিয়ে হয়। বিয়ের পর কনেকে পালকিতে করে নিয়ে যাওয়া হয়।
নওগাঁর মান্দা উপজেলার কালীগ্রামের শাহ কৃষিতথ্য পাঠাগার ও জাদুঘরের উদ্যোগে পালকিটি তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটি বাংলার হারিয়ে যাওয়া সব ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। শাহ কৃষিতথ্য পাঠাগার ও জাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর শাহ জানান, একটি নির্দিষ্ট ভাড়ায় তাঁরা পালকি সরবরাহ করবেন।
বরপক্ষের এক আত্মীয় জানান, মাঝপথে একটি ট্রাকে করে পালকিটি নেওয়া হবে।
পালকিতে চড়ার অনুভূতি জানতে চাইলে কনে সৈয়দা উম্মে তারানা তাসনীম বলেন, ‘পালকি চড়ে বিয়ে হবে এটা স্বপ্নের ব্যাপার। স্বপ্নটা সত্যি হয়েছে। খুবই ভালো লাগছে। কারণ আজকাল পালকির চলন আগের মতো নেই। এ কারণে বেশ আনন্দ লাগছে।’