ঢাকায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের সরকারি অনুমতি পায়নি সড়ক নিরাপত্তা আন্দোলনের সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)। অনুমতি না পাওয়ায় কর্মসূচিতে পরিবর্তনসহ এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নিসচা। তবে সংগঠনটি আজ মঙ্গলবার দেশব্যাপী ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালন করবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় নিসচা। জাতীয় নিরাপদ সড়ক দিবস ও জাহানারা কাঞ্চনের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সব রকম রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল। তার পরও আমরা কর্মসূচি পালনের অনুমতি পেয়েছিলাম। অথচ গণতান্ত্রিক সরকারের কাছ থেকে অনুমতি পাইনি।’ তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আমরা সাত দফা দাবি পেশ করেছিলাম। উদ্ভূত জাতীয় পরিস্থিতি স্বাভাবিক হলে দাবি নিয়ে আবার কথা বলব। তবে এর মধ্যে কোনো রকম অযৌক্তিক পদক্ষেপ নেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
পরিবর্তিত কর্মসূচির মধ্যে রয়েছে জাহানারা কাঞ্চনের কবরে শ্রদ্ধাঞ্জলি ও বিকেলে মিলাদ মাহফিল। দেশব্যাপী সংগঠনের ৬০টি শাখার মাধ্যমে জেলা পর্যায়ে শোভাযাত্রা, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।