পালপাড়া 'পোড়ানো' মোরশেদ তিন দিনের রিমান্ডে
বগুড়ার পালপাড়া ‘পোড়ানো’ সন্ত্রাসী মোরশেদ আলমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে আদালত সংখ্যালঘু নির্যাতনে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার মোরশেদের দুই সহযোগী আজিজুল ইসলাম ও মাসুদ মিয়াকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
এই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) খোকন কুণ্ডু আজ বুধবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৩ রিমান্ডের আবেদন জানান। মোরশেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের এবং আজিজুল ও মাসুদকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।
এ ছাড়া মোরশেদের আরেক সহযোগী ও মামলার এজাহারভুক্ত আসামি হানজেলা আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাঁকে জেলহাজতে পাঠান।
মোরশেদের বিরুদ্ধে মাদক ব্যবসা, খুন, চাঁদাবাজি, মাস্তানি, জবরদখল, সংখ্যালঘু সম্প্রদায়ের কলেজছাত্রীকে তুলে নিয়ে যাওয়া, নারী নির্যাতনসহ এক যুগ ধরে পালপাড়ার সংখ্যালঘু শতাধিক পরিবারের ওপর জুলুম-নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, মোরশেদের অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ হয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় বেশ কয়েকটি পরিবার। সংখ্যালঘুদের বসতবাড়িতে হামলা এবং মৃৎসামগ্রী ভাঙচুরের একটি মামলায় গত সোমবার পুলিশ মোরশেদকে গ্রেপ্তার করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, চাঁদা না পেয়ে পালপাড়ায় হামলা ও মৃৎ সামগ্রী ভাঙচুরের মামলায় গত শনিবার প্রথমে মোরশেদের দুই সহযোগী আজিজুল ও মাসুদকে গ্রেপ্তার করা হয়। একদিন পর মোরশেদের বড় ভাই তারাজুল ইসলাম এবং তারাজুলের শ্বশুর এমদাদুলকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার গ্রেপ্তার করা হয় ঘটনার মূল হোতা মোরশেদ আলমকে।
সংখ্যালঘুদের ওপর জুলুম-নির্যাতনের ঘটনার সাক্ষ্য রেকর্ড করতে গতকাল মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে ‘গণশুনানি’ করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুবায়েত খান।
গত শনিবার প্রথম আলোয় ‘পালপাড়া পোড়াচ্ছে এক সন্ত্রাসী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
আর ও পড়ুন :
পালপাড়া পোড়াচ্ছে এক সন্ত্রাসী